অক্টোবর মাসে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আঘাত হানে ভারতের অন্ধ্রপ্রদেশে। পর পর দুটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতে বঙ্গোপসাগরে আজকালের মধ্যে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সকাল ৬ টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।