হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

শরতের শেষ বেলায় মধ্য আশ্বিনে এসে প্রকৃতিতে কিছুটা হেমন্তের ছোঁয়া লাগছে। ভোর ও বিকেল বেলা থাকে ঝলমলে নীলাকাশ, কখনো কখনো বয়ে যায় মিষ্টি বাতাস। বৃষ্টির রেশও কমে এসেছে। তবে সকালের পর দুপুর বেলায় কড়া রোদে গা পুড়ে যাওয়ার দশা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি গরম পড়েছিল ঢাকা, খুলনা, চাঁদপুর ও ফেনী জেলায়। তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপ সৃষ্টির আভাসও দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ সোমবারের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামন্য কমতে পারে।

রাজধানী ঢাকাও আজ দুপুর পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।