হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ: আগস্টজুড়ে নামতে পারে বৃষ্টি, ৩ নম্বর সতর্কসংকেত

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

শ্রাবণ মাসের শেষ দিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে এর প্রভাবে আগস্ট মাসের অবশিষ্ট দিনগুলোতে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, আগস্ট মাসের এই সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে থাকে। এবারের লঘুচাপটি উপকূলের কাছাকাছি সৃষ্টি হয়েছে। এটি কতটা শক্তি সঞ্চয় করবে—সে বিষয়ে এখন তেমন কিছু বলা যাচ্ছে না। তবে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে।

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, হাতিয়া, ভোলা—এসব অঞ্চলে আজকে থেকে বৃষ্টি শুরু হবে। ১৩ আগস্ট থেকে বৃষ্টির মাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এ সময় থেকে ঢাকা ও কুমিল্লার মতো দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের অবশিষ্ট দিনগুলোতেও বৃষ্টির এই ধারা চলার সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির আভাস দিলেও গরম কমার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।