বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ২০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রবণতা কমে এলে নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের উপকূলমুখী হলেও এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বুধবার পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির বিস্তৃতি বাড়ার আশঙ্কা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ দিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পরদিন রোববারও একই অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে আগামী পাঁচ দিনের পরবর্তী সময়ে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। ফলে নভেম্বরের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে ১৭ দশমিক ৫ ও শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো আবহাওয়া স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।