নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী কয়েক দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এবং ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
অন্যদিকে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য (২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস) কমতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ও শনিবার (১ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দুটি দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সার্বিকভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৮৯ মিলিমিটার। এ ছাড়া সন্দ্বীপে ৮১ মিলিমিটার, কক্সবাজারে ৬৯ মিলিমিটার, রামগড়ে ৫৮ মিলিমিটার, পটুয়াখালীতে ৫৬ মিলিমিটার, মাইজদী কোর্টে ৫২ মিলিমিটার এবং হাতিয়ায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৭ মিলিমিটার।