হোম > বিনোদন > টেলিভিশন

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকা থিয়েটারের ‘নিমজ্জন’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।

দুই দিনব্যাপী আয়োজন সেলিম আল দীন সংগ্রহশালার

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একডেমিতে বক্তৃতা অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে সেলিম আল দীন সংগ্রহশালা। একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ বিকেল ৫টায় ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠানে একক বক্তব্য দেবেন আজফার হোসেন। একই স্থানে সন্ধ্যা ৭টায় রয়েছে সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’। পরিবেশন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। আগামীকাল সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি।

ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের নাট্যোৎসব

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন সাজিয়েছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। ১৮ আগস্ট সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

১৯ আগস্ট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘জহরনামা’। কাজী নজরুল ইসলামের গল্পে নাটকের পাণ্ডুলিপি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। পরিবেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। শেষ দিন ২০ আগস্ট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় দেখা যাবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’ নাটকের প্রদর্শনী। রচনা এ এইচ রাজন ও রফিকুল ইসলাম, নির্দেশনা নাসির উদ্দীন ইউসুফ। পরিবেশনায় প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য সংগঠন সুন্দরম।

স্বপ্নদলের তিন দিনের আয়োজন

স্বপ্নদল নাট্যদলের আয়োজন শুরু হবে ১৮ আগস্ট সকাল ১০টায় নাট্যাচার্যের সমাধির উদ্দেশে শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। ২০ আগস্ট শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল ৫টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ২১ আগস্ট একই স্থানে বিকেল ৫টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী। নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।