পাঁচ বছর আগে ‘হাই প্রেশার ২’ নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। নাটকটিতে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করার অভিযোগে নাটকের শিল্পী ও নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করেন এক আইনজীবী। সেই তিক্ত অভিজ্ঞতার পর অভিনেতা ফারুক আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন উকিলের চরিত্রে আর অভিনয় করবেন না। এত দিন পর নিজের সিদ্ধান্ত বদলালেন অভিনেতা। অতীতের তিক্ততা ভুলে আবারও ক্যামেরার সামনে উকিল হয়ে দাঁড়ালেন তিনি। সম্প্রতি সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘এই শহর এই পরিবার’ ধারাবাহিকে উকিল চরিত্রে অভিনয় করছেন ফারুক আহমেদ।
এই শহর এই পরিবার ধারাবাহিকের শুটিংয়ের সেটে তোলা উকিলের পোশাক পরা একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অতীতের ওই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন ফারুক আহমেদ। ফেসবুকে তিনি লেখেন, ‘নাটকে উকিলের চরিত্রে অভিনয় করার পর আমিসহ আরও চারজনের নামে একজন সম্মানিত উকিল মানহানির মামলা দিয়েছিলেন। যদিও নাটকে আমি ছিলাম একজন ন্যায়পরায়ণ উকিল। পাঁচজনের নামে ৫০ কোটি টাকার মামলা। মামলায় হারলে আমার দিতে হবে ১০ কোটি টাকা! রাতের ঘুম কয়েক দিনের জন্য আমার হারাম হয়ে গেল। যাই হোক আমরা মানহানির মামলা থেকে খালাস পেলাম। কানে ধরলাম আর কোনো দিন উকিলের চরিত্রে অভিনয় করব না।’
দীর্ঘদিন পর আবার উকিল চরিত্রে অভিনয় প্রসঙ্গে আজকের পত্রিকাকে ফারুক আহমেদ বলেন, ‘আগে উকিল চরিত্রে অভিনয় করে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। নতুন করে আবার একই ধরনের চরিত্রে অভিনয় করার সময় ওই সময়টার কথা মনে পড়ে যায়। আমি বিশ্বাস করি আইনজীবীরা আমাদের সমাজের বড় একটা অংশ। তাঁদের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকেই আবার উকিলের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আগের নাটকে আমার চরিত্রটি ছিল একজন সৎ উকিলের। এবার আরও সতর্কতা অবলম্বন করছি। যাতে কারও মনে কোনো আঘাত না লাগে।’
নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘এই শহর এই পরিবার ধারাবাহিকটি নির্মিত হচ্ছে পরিবারের গল্পে। ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে। আমি যুক্ত হয়েছি সম্প্রতি। নির্মাতার কাছে গল্প ও আমার চরিত্র শুনে মনে হয়েছে এখানে অভিনয় করা যায়। দর্শকও নাটকটি পছন্দ করছে। আশা করছি আমার চরিত্রের অংশ প্রচারে এলে সবার ভালো লাগবে।’
এই শহর এই পরিবার ধারাবাহিকে আরও অভিনয় করছেন মীর রাব্বী, তানিয়া বৃষ্টি, প্রত্যয় খান, জারা নূর, সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।