বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠানের। ৩০ জুলাই ববিতার জন্মদিন। একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই দুটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।
ববিতা সমগ্র অনুষ্ঠানে অভিনেত্রীর জন্ম থেকে অদ্যাবধি পুরো জীবনের ওপর আলোকপাত করার চেষ্টা হয়েছে। ববিতার জীবনের নানা জানা-অজানা ঘটনা, চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন দিকসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কথায় সাজানো হয়েছে অনুষ্ঠান। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের উপস্থিতি। অনুষ্ঠানের বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন ও শাকিব খান। তাঁরা সবাই কথা বলেছেন ববিতাকে নিয়ে, স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
বিশেষ এই আয়োজন নিয়ে ববিতা বলেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁদের জন্য ববিতা সমগ্র দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। খুবই ভালো হয়েছে আয়োজন। অনুষ্ঠানটি দেখলে আমাকেই জানা হয়ে যাবে পুরোটা। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।’
ববিতা সমগ্র নিয়ে সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, ‘ববিতার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে ববিতা সমগ্র অনুষ্ঠান। কারণ, সেলিব্রিটি টক শোতে সাধারণত আলাপচারিতাই প্রাধান্য পায়। কিন্তু ববিতা সমগ্র অনুষ্ঠানে ছকে বাঁধা গল্পের বাইরে থাকবে অভিনেত্রীকে ঘিরে অভিনব অনেক আয়োজন। দর্শক এখানে শুধু সাক্ষাৎকারই নয়, ববিতার অনন্য জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে আরও অনেক তারকার উপস্থিতি।’
ববিতা সমগ্র প্রচারিত হবে ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।