২০২৭ সালের নভেম্বরে প্রচার শুরু হয়েছিল বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। তিন বছরের মাথায় ৪০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ধারাবাহিকটি। আজ প্রচারিত হবে আল হাজেন পরিচালিত এই নাটকের ৪০০তম পর্ব।
ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে হাবু নামের এক গ্রামের ছেলেকে ঘিরে। স্কলারশিপ পেয়ে সে অস্ট্রেলিয়া যায় পড়ালেখা করতে। সেই বিশ্ববিদ্যালয়ে আগের সব রেকর্ড ভেঙে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়ায় যে পাঁচ বছর পড়ালেখা করে, সেই সময় হাবুর যেকোনো বিপদ-আপদে পাশে এসে দাঁড়ায় তার আরেক বাংলাদেশি সহপাঠী মারজান।
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় হাবুকে অফার করে সে যেন সেখানে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করে। তবে হাবু তার মেধা দেশের কাজে লাগাতে চায়। তাই সবকিছু উপেক্ষা করে দেশে ফিরে আসে। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। নাটকে চেয়ারম্যান দোলন চাপার একের পর এক কূটকচাল জয় করে হাবু এখন নাটকের প্রতিবাদী চরিত্র।
টিপু আলম মিলনের গল্পে ধারাবাহিকটির চিত্রনাট্য করেছেন আহসান আলমগীর। নাট্যকার জানিয়েছেন, হাবুর স্কলারশিপ সমাজের সব শ্রেণির মানুষের কাছে এখন জনপ্রিয়। ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভিউ তা-ই প্রমাণ করে।
হাবুর স্কলারশিপ নাটকের নামভূমিকায় অভিনয় করছেন রাশেদ সীমান্ত। অভিনয়ে আরও আছেন তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি প্রমুখ। হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে।