প্রত্যয় খান একাধারে কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত আয়োজক। ছোটবেলায় পার্থ সরকারের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। গানের মানুষ বলেই আর কোনো নাটকে অভিনয় করা হয়নি তাঁর। সম্প্রতি প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটকের মূখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়। সম্রাট জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নির্মিত ধারাবাহিকটির নাম ‘এই শহর এই পরিবার’। আজ থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে ধারাবাহিকটির। প্রচারিত হবে প্রতি রবি ও সোমবার রাত ৮টায়।
এই শহর এই পরিবার ধারাবাহিকে প্রত্যয় অভিনয় করেছেন অপু নামের চরিত্রে। তাঁর বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি ও জারা নূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, শামীমা নাজনীন, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু, আহমেদ শিবলু, শাওন মজুমদারসহ অনেকে।
নির্মাতা সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘শহুরে ব্যস্ত জীবনে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার বন্ধন, ত্যাগ ও পারিবারিক দায়িত্ববোধের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। পরিবারই একজন মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা, ভরসার জায়গা। সেই মূল্যবোধই প্রতিফলিত হবে এই ধারাবাহিকে।’
প্রথমবার কোনো ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত প্রত্যয়। তিনি বলেন, ‘ছোটবেলায় পার্থ সরকারের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলাম। পরিণত বয়সে এটাই আমার প্রথম অভিনীত নাটক। আমি গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছি। নাটকটিতে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি এই ধারাবাহিকের ব্যাকগ্রাউন্ড স্কোর অর্থাৎ পুরো নাটকের অডিও প্রোডাকশনটা আমার করা। তাই এই ধারাবাহিকের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। নাটকটির গল্প এককথায় অসাধারণ। আমার প্রত্যাশা, নাটকটি দর্শকেরা আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’
প্রত্যয় জানান, শফিক তুহিনের লেখা ‘এই শহর এই পরিবার’ শিরোনামে ধারাবাহিকটির টাইটেল গানে সুর করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। দ্বৈতকণ্ঠের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন কোনাল।