হোম > বিনোদন > টেলিভিশন
সম্মাননা

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আজ চ্যানেল আইয়ে প্রচার হবে ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া আগামীকাল সংগীতশিল্পী বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘দেখতে দেখতে অনেক জন্মদিন পেরিয়ে গেল। সংগীতজীবনেরও ৬০ বছর পেরিয়ে গেছে। আমার বাবা-মা, আমার বড় বোন দীনাসহ পরিবারের সবার সাপোর্ট ছাড়া এত দূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, তিনি আমায় সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি সবার কাছে সব সময় দোয়া চাই, যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’

রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’। এতে উঠে এসেছে রুনা লায়লার জানা-অজানা নানা তথ্য। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

আগামীকাল ১৮ নভেম্বর প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিনে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এর প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির। রুনা লায়লার সঙ্গে এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী শবনম। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে বশির আহমেদ সম্মাননা ২০২৬।

প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির ২০১৯ সালে চালু করেন বশির আহমেদ সম্মাননা। সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর এই সম্মাননা দেওয়া হয়। মাঝে তিন বছর বন্ধ ছিল আয়োজন। এ বছর আবার দেওয়া হচ্ছে বশির আহমেদ সম্মাননা।