গত ফেব্রুয়ারিতে নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন অভিনেতা যাহের আলভী। সেখানে শুটিং চলাকালেই পান স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয় আলভীর বিরুদ্ধে। ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা অভিযোগ করেন, সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন আলভী, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা। এই মামলায় জেল ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন আলভী। জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর নাটকের শুটিংয়ে ফিরলেন তিনি।
গত সোমবার সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নামের নাটকের শুটিংয়ে অংশ নেন আলভী। এতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু। শুটিং ইউনিটে কলাকুশলীদের নিয়ে কেক কেটেছেন আলভী। সেই ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট একটা উদ্যাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা। ফিরে আসার হাওয়া।’
শুটিং সেট থেকে শিবা শানু ও যাহের আলভীর সঙ্গে ছবি শেয়ার করে আলভীকে অভিনয়ের নতুন ইনিংসের জন্য শুভকামনা জানিয়েছেন নির্মাতা সামির রহমান রাব্বি।
ফেব্রুয়ারিতে ইকরার মৃত্যুর পর বেশ কয়েক মাস নেপালেই ছিলেন যাহের আলভী। সেখান থেকে একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একটি ভিডিওতে স্ত্রীকে দোষারোপ করে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন।
গত ১৮ জুন নেপাল থেকে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে আবার কারাগারে নেওয়া হয় তাঁকে। এরপর ৩ আগস্ট আদালত জামিন দেন যাহের আলভীকে।