হোম > বিনোদন > টেলিভিশন

বলিউড: টেলিভিশনে রাজত্ব শেষে এবার বড় পর্দায় ‘নাগিন’

বিনোদন ডেস্ক

‘নাগিন’ সিরিয়ালের দৃশ্য

ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।

টেলিভিশনের পর্দায় ইতিহাস গড়ার পর এবার নাগিন বড় পর্দায় পা রাখতে চলেছে বলে জোরালো আভাস দিয়েছেন প্রযোজক একতা কাপুর। ১৭ আগস্ট নাগপঞ্চমী উপলক্ষে ইনস্টাগ্রামে একটি টিজার ভিডিও শেয়ার করেন একতা। সেখানে বিগত মৌসুমগুলোর জনপ্রিয় নাগিনদের ঝলক তুলে ধরে তিনি লেখেন, ‘দারুণ কিছু আসতে চলেছে। ১১ বছর ধরে ছোট পর্দায় রাজত্ব করার পর এবার এই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে টেলিভিশনের গণ্ডি পেরিয়ে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত বালাজি টেলিফিল্মস।’

যদিও এটি সরাসরি কোনো নির্দিষ্ট সিনেমার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট বা কাস্টিং রিভিল ছিল না, তবে সবাই ধারণা করছেন, নাগিনকে এবার বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত।

নাগিনের প্রথম দুই সিজনে মৌনী রায়ের অভিনয় ও গ্ল্যামারে ভর করে এটি টিআরপি তালিকায় শীর্ষে পৌঁছায়। পরবর্তী সময়ে নাগিনরূপে দর্শকদের মন জয় করেন সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা, তেজস্বী প্রকাশ ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। এটি নিয়ে সিনেমা তৈরি হলে ছোট পর্দার কোনো সাবেক নাগিনই কি কেন্দ্রীয় চরিত্রে আসবেন, নাকি সম্পূর্ণ নতুন কেউ আসবেন, তা নিয়ে চলছে জল্পনা।

এর আগে ২০২০ সালে নিখিল দ্বিবেদীর প্রযোজনায় শ্রদ্ধা কাপুরকে নিয়ে একটি ‘নাগিন’ ট্রিলজি সিনেমার ঘোষণা এসেছিল। তবে সেই প্রজেক্টের কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। কার্তিক আরিয়ানকে নিয়ে ‘নাগজিলা’ নামের সিনেমার ঘোষণা দিয়েছে ধর্ম প্রোডাকশনস, যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে অন্যান্য প্রজেক্টের ভিড়ে একতা কাপুরের এই নাগিন বড় পর্দায় কেমন চমক নিয়ে আসে, সেদিকেই এখন সবার নজর।