ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’।
নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ। ধারাবাহিকটির গল্পে দেখা যাবে সামিয়া ও ফারহান দম্পতির সম্পর্কে সন্দেহের ছায়া নেমে আসে। একে অপরের ওপর নজর রাখতে তারা আলাদাভাবে গোয়েন্দা নিয়োগ করে। রিয়াদ মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা প্রমুখ।
বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে ইমেল হকের পরিচালনায় মুসিবত রিলোডেড। মাসুম ও তার বস জসীমকে ঘিরে এই ধারাবাহিকের গল্প। অর্থের বিনিময়ে যেকোনো কাজ করতে রাজি থাকা এই দুজন মানুষ নতুন এক দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিপাকে জড়িয়ে পড়ে। অভিনয়ে ইন্তেখাব দিনার, তানিয়া বৃষ্টি, পাভেল, সারিকা সাবাহ প্রমুখ।
রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় প্রচারিত হবে প্যারা+সিটামল ৫০০ এমজি। মনজুরুল হাসান মিলনের পরিচালনায় অভিনয় করেছেন জোভান, চমক, তামিম মৃধা, নাবিলা প্রমুখ। গল্পে দেখা যাবে, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ইন্টার্নশিপ করতে একটি হাসপাতালে যোগ দেয় রোশান। সেখানে তাকে হাসি-আনন্দ, বন্ধুত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং নানা রোমাঞ্চকর ঘটনার মুখোমুখি হতে হয়।
বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হবে ইমরাউল রাফাতের ওপেন কিচেন। তিন বন্ধুর গল্প নিয়ে এই ধারাবাহিক। তারা একসঙ্গে একটি ক্যাফে খোলার স্বপ্ন দেখে। তবে দলে নতুন দুই সদস্য যোগ দেওয়ার পর গল্প নতুন মোড় নেয়। অভিনয়ে আরশ খান, স্পর্শিয়া, টয়া, শাওন প্রমুখ।