ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। রাজধানীর গুলশানে আয়োজিত ‘পাকিস্তান লাইভস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই আয়োজনে বিলাল আব্বাসের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন দর্শকেরা।
গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী পাকিস্তান লাইভস্টাইল এক্সিবিশন। মেলায় পাকিস্তানের ঐতিহ্যবাহী লাইফস্টাইল, বিবাহ সংস্কৃতি ও সুস্বাদু নানা খাবারের পসরা সাজানো হবে। জানা গেছে, এই মেলায় অংশ নিচ্ছেন বিলাল আব্বাসের মা ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী ফারহানা সোহাইল। মূলত মায়ের ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন জানাতেই এই মেলায় অংশ নিতে আসছেন বিলাল আব্বাস।
বাংলাদেশ ও পাকিস্তানের লাইফস্টাইল পণ্য এবং সংস্কৃতির প্রচারের লক্ষ্যে পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে এই প্রদর্শনী। আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান লাইভস্টাইল (পিএলএস)-এর দেওয়া তথ্যমতে, এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে। ৪ তারিখ মেলা শুরু হলেও বিলাল আব্বাস ঢাকায় আসবেন ৬ নভেম্বর। থাকবেন শেষ দিন ৮ নভেম্বর পর্যন্ত।
পাকিস্তানি সিরিয়াল ‘ও রাংরেজা’, ‘চিঁক’, ‘প্যায়ার কে সাদকে’, ‘ডাঙ্ক’, ‘ইশক মুর্শিদ’ এবং সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এ অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বিলাল। বাংলাদেশেও রয়েছে তাঁর অনেক ভক্ত।