হোম > বিনোদন > হলিউড

হলিউডে শিশুতোষ সিনেমার রাজকীয় প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

ওটিটির দাপটে যখন পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার প্রবণতায় কিছুটা ভাটা পড়েছিল, ২০২৬ সালে এসে সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে হলিউড। শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের ফের প্রেক্ষাগৃহমুখী করতে সিকুয়েল, লাইভ-অ্যাকশন, জনপ্রিয় ভিডিও গেমের রিমেক এবং পরিচিত ফ্র্যাঞ্চাইজির ওপর বাজি ধরেছে হলিউডের স্টুডিওগুলো।

তাদের এই কৌশল ইতিমধ্যেই বিপুল লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে। গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এ বছরের প্রথম সিনেমা হিসেবে বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। অন্যদিকে, জুনে মুক্তি পাওয়া ‘টয় স্টোরি ৫’ চলতি বছরের তৃতীয় সিনেমা হিসেবে এক বিলিয়ন ডলারের ক্লাবে নাম লিখিয়েছে।

চলুন দেখে নেওয়া যাক ২০২৬ সালে প্রেক্ষাগৃহ কাঁপানো শিশুতোষ সিনেমাগুলোর চিত্র—

দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি

ভিডিও গেমের গল্প কীভাবে বিশ্বব্যাপী সমাদৃত পারিবারিক সিনেমায় পরিণত হতে পারে, সিনেমাটি তার সবচেয়ে বড় উদাহরণ। এপ্রিলে মুক্তির পর ১০ম সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে। এটিই ২০২৬ সালের প্রথম বিলিয়ন ডলার আয় করা সিনেমা।

টয় স্টোরি ৫

পিক্সারের জনপ্রিয় চরিত্র উডি, বাজ ও জেসির এই নতুন অ্যাডভেঞ্চারের মূল খলনায়ক আধুনিক প্রযুক্তি। নব্বইয়ের দশকে যেসব অভিভাবক নিজেরা ‘টয় স্টোরি’ দেখে বড় হয়েছেন, তাঁরাই এবার সন্তানদের নিয়ে সিনেমা হলে ভিড় জমিয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাওয়া এই কাহিনি জুনে মুক্তির পর প্রথম সপ্তাহেই ৩১২ মিলিয়ন ডলার দিয়ে খাতা খুলে এ পর্যন্ত আয় করেছে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি।

মিনিয়নস অ্যান্ড মনস্টারস

অন্যতম সফল অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’ ও ‘মিনিয়নস’ ইউনিভার্সের এই নতুন পর্ব মুক্তি পায় গত জুলাইয়ে। ১৯২০-এর দশকের হলিউডে মিনিয়নদের রুপালি পর্দায় পা রাখা এবং একটি মনস্টার সিনেমা বানাতে গিয়ে সত্যি সত্যি জলদানব ডেকে আনার মজার ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। বক্স অফিসে ঝড় তুলে আয় করেছে ৫১৮ মিলিয়ন ডলার।

দ্য শিপ ডিটেকটিভস

গত মে মাসে মুক্তি পাওয়া এ সিনেমা প্রমাণ করেছে, মেগা-ফ্র্যাঞ্চাইজি কিংবা জনপ্রিয় কোনো চরিত্রের ওপর নির্ভর না করেও মৌলিক গল্প দিয়ে বক্স অফিসে সফল হওয়া সম্ভব। গল্পের মূল আকর্ষণ একটি ভেড়ার পাল। তাদের মালিক রহস্যজনকভাবে মারা যাওয়ার পর নিজেদের বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে সেই হত্যাকাণ্ডের তদন্তে নামে ভেড়ারা। বিশ্বজুড়ে ১৩২ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি।

প প্যাট্রল: দ্য ডাইনো মুভি

ছোটদের প্রিয় কার্টুন ‘প প্যাট্রল’ এবার প্রেক্ষাগৃহে নিয়ে এসেছে ডাইনোসরদের নতুন এক রূপকথার জগৎ। আগস্টের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়া ‘প প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ সিনেমায় বন্ধুত্বের গল্প এবং একসঙ্গে কাজ করার বার্তার পাশাপাশি যোগ হয়েছে ডাইনোসরদের রোমাঞ্চ। সহজ গল্প আর চমৎকার অ্যানিমেশনের কারণে সিনেমাটি ছোটদের পাশাপাশি অভিভাবকদেরও ভীষণ পছন্দ হয়েছে। বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে প্রায় ১৪০ মিলিয়ন ডলার।

মোয়ানা লাইভ-অ্যাকশন

ডিজনির সাড়া জাগানো অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’র এই লাইভ-অ্যাকশন সংস্করণে নামভূমিকায় ছিলেন ক্যাথরিন লাগাইয়া আর মাউই চরিত্রে ডোয়াইন জনসন। বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী অতটা ঝড় তুলতে না পারলেও শিশুদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। বিশ্বজুড়ে আয় করেছে ৩১৫ মিলিয়ন ডলার।

কেন শিশুতোষ সিনেমায় ঝুঁকছে স্টুডিওগুলো

হলিউডে এখন পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়াকে একটি ‘স্পেশাল ইভেন্ট’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক দর্শক একা সিনেমা দেখার চেয়ে পরিবার নিয়ে হলে গেলে টিকিটের পাশাপাশি স্ন্যাকস বিক্রি এবং সিনেমাটি বারবার দেখার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। শুধু তা-ই নয়, এই ধরনের সিনেমার বাণিজ্যিক ক্ষমতা কেবল সিনেমা হলের টিকিটে সীমাবদ্ধ থাকে না; খেলনা, গেমস, ব্র্যান্ড মার্চেন্ডাইজ, থিম পার্কের রাইড এবং পরবর্তী সময়ে ওটিটি স্ট্রিমিং থেকেও বছরের পর বছর বিপুল মুনাফা আসে।