হোম > বিনোদন > হলিউড

দুই দশক পর আসছে জনপ্রিয় রোমান্টিক কমেডির সিকুয়েল

বিনোদন ডেস্ক

‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’ সিনেমার দৃশ্য

দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি।

২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন ও বেঞ্জামিন ব্যারি নামের দুই চরিত্রের প্রেমের গল্প দেখানো হয়েছিল। অ্যান্ডি ছিল একটি ফ্যাশন ম্যাগাজিনের সাংবাদিক। প্রেমের সম্পর্কে নারীরা কী কী ভুল করে, তা নিয়ে একটি প্রবন্ধ লেখার দায়িত্ব পায় সে। সেটা লিখতে গিয়ে বেঞ্জামিনের সঙ্গে প্রেমের ভান করে অ্যান্ডি।

অন্যদিকে বেঞ্জামিন ছিল বিজ্ঞাপনী সংস্থার কর্মী। সে তার বসের সঙ্গে বাজি ধরে, যেকোনো নারীকে ১০ দিনের মধ্যে নিজের প্রেমে ফেলতে পারবে। বাজি জিতলে পাবে একটি বড় বিজ্ঞাপন ক্যাম্পেইনের দায়িত্ব। অ্যান্ডি চেষ্টা করে সম্পর্ক ভাঙতে, আর বেঞ্জামিন সেই সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালায়। এই অদ্ভুত ও হাস্যরসাত্মক পরিস্থিতির মাঝেই একসময় সত্যি সত্যিই তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে।

হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি ও বেঞ্জামিন চরিত্রে অভিনয় করেন কেট হাডসন ও ম্যাথিউ ম্যাককনহে। ৫০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১৮০ মিলিয়ন ডলার ব্যবসা করেছিল। রোমান্টিক কমেডি ঘরানায় এটি আজও অন্যতম এক ক্ল্যাসিক সিনেমা হিসেবে বিবেচিত হয়।

দুই দশকের বেশি সময় পর যখন সিনেমাটির সিকুয়েল তৈরি হচ্ছে, তখন অভিনেত্রী কেট হাডসন প্রজেক্টটির সঙ্গে যুক্ত হয়েছেন প্রযোজক হিসেবে। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শাইনি পেনির ব্যানারে তৈরি হবে সিকুয়েলটি। হাডসনের সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকছেন স্ট্যাসি শের, যিনি ‘পাল্প ফিকশন’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’-এর মতো জনপ্রিয় অনেক সিনেমার প্রযোজনার জন্য পরিচিত।

ভ্যারাইটি জানিয়েছে, সিকুয়েলটির প্রাথমিক কাজ শুরু হয়েছে। বর্তমানে একজন দক্ষ চিত্রনাট্যকার খোঁজা হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, কেট হাডসন ও ম্যাথিউ ম্যাককনহেকে আবারও একসঙ্গে স্ক্রিনে ফিরিয়ে আনা। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর অভিনয়শিল্পীদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।