একসঙ্গে থাকার জন্য বিলাসবহুল বাড়ি কিনেছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। কিন্তু দুই বছর সংসার করার পর দুজনের পথ দুটি দিকে গেছে বেঁকে। বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের একসময়ের যৌথ ঠিকানা বেভারলি হিলস ম্যানশনটির মালিকানা তাই বদল হলো।
বেভারলি হিলস প্রাসাদের যৌথ মালিকানা ছিল বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের। একসঙ্গে থাকতে ৬০ মিলিয়ন ডলার (৭৩৬ কোটি টাকার বেশি) খরচ করে বাড়িটি যৌথভাবে কিনেছিলেন এই তারকা দম্পতি। দুজনেরই ছিল সমান শেয়ার। তবে সম্প্রতি নিজের অর্ধাংশ জেনিফারকে দিয়ে দিয়েছেন বেন অ্যাফ্লেক।
সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, বেভারলি হিলস ম্যানশনে নিজের মালিকানাধীন অংশটি গিফট বা উপহার হিসেবে জেনিফারের নামে হস্তান্তর করেছেন বেন অ্যাফ্লেক।
এই সম্পত্তি হস্তান্তর মূলত তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াকে আরও সহজ করার একটি পদক্ষেপ হতে পারে। সাধারণত হাই-প্রোফাইল ডিভোর্সের ক্ষেত্রে সম্পদ ভাগাভাগি নিয়ে দীর্ঘ লড়াই চলে। কিন্তু বেনের এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে, তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই বিষয়টি সমাধান করতে চাইছেন।
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের এই বিশাল প্রাসাদ ৩৮ হাজার বর্গফুটের। এতে রয়েছে ১২ বেডরুম এবং ২৪টি বাথরুম। রয়েছে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স, জিম ও পুল। ২০২৩ সালের জুন মাসে বাড়িটি কেনার পর সেখানে বেশ কিছুদিন ছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ দম্পতি। এক বছরের মাথায় তাঁদের সংসারে ভাঙন শুরু হলে বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন তাঁরা। তবে উপযুক্ত ক্রেতা না পাওয়ায় তা সম্ভব হয়নি।
বেন অ্যাফ্লেক ইতিমধ্যে তাঁর মালামাল এই বাড়ি থেকে সরিয়ে নিয়েছেন। থাকছেন ব্রেন্টউডের আরেক বাড়িতে। অন্যদিকে বেভারলি হিলসের সেই বিশাল প্রাসাদে আছেন জেনিফার লোপেজ, যা এখন আইনিভাবে তাঁর একক মালিকানায়।