হোম > বিনোদন > হলিউড

আইনি লড়াইয়ের ইতি টানলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

অবশেষে অবসান ঘটল সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘদিনের আইনি লড়াইয়ের। ফ্রান্সে যৌথ মালিকানাধীন আঙুরখেত ও ওয়াইনারি ‘শ্যাঁতো মিরাভাল’ বিক্রিকে কেন্দ্র করে চলা পাল্টাপাল্টি মামলার ইতি টেনেছেন তাঁরা। বুধবার আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে উভয়ই একে অপরের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমঝোতার শর্তাবলি প্রকাশ করা হয়নি।

এক যৌথ বিবৃতিতে পিট ও জোলির প্রতিনিধিরা জানান, পরিবারের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে তাঁরা আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করেছেন। এ নিয়ে তাঁরা আর কোনো মন্তব্য করবেন না।

২০০৮ সালে দক্ষিণ ফ্রান্সের ১ হাজার ২০০ একরের এই বিশাল ওয়াইনারি ও এস্টেট কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৪ সালে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিচ্ছেদের পর জোলি ওয়াইনারিতে থাকা তাঁর অর্ধেক অংশ পিটের কাছেই বিক্রি করতে চেয়েছিলেন। তবে আদালতের নথি অনুযায়ী, বিচ্ছেদের আগের নির্যাতনের অভিযোগগুলো যেন জোলি প্রকাশ্যে না আনেন, সে জন্য পিট একটি গোপনীয়তার চুক্তিতে সই করার শর্ত জুড়ে দিলে আলোচনা ভেস্তে যায়।

এরপর জোলি তাঁর অংশীদারত্ব ৬৪ মিলিয়ন ডলারে রুশ ধনকুবের ইউরি শেফলারের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টোলি গ্রুপের কাছে বিক্রি করে দেন। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালে জোলির বিরুদ্ধে মামলা করেন পিট। তাঁর অভিযোগ ছিল, একে অপরের অনুমতি ছাড়া শেয়ার বিক্রি না করার শর্ত ভঙ্গ করেছেন জোলি এবং তাঁকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করতে একজন ‘অপরিচিত ও বিতর্কিত’ ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বে বাধ্য করেছেন।

পিটের মামলার জবাবে পাল্টা মামলা করেন জোলি। সেখানে তিনি প্রথমবারের মতো পিটের বিরুদ্ধে ২০১৬ সালে ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ব্যক্তিগত বিমানে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আনেন। জোলির অভিযোগ অনুযায়ী, মদ্যপ অবস্থায় পিট তাঁর মাথা ধরে ঝাঁকুনি দেন, এক সন্তানের গলা চেপে ধরেন এবং আরেক সন্তানের মুখে আঘাত করেন। এ ছাড়া জোলি ও সন্তানদের গায়ে বিয়ার ও ওয়াইন ঢেলে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ওই ঘটনার পাঁচ দিন পরই বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। ঘটনাটি নিয়ে এফবিআই তদন্ত করলেও শেষ পর্যন্ত পিটের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়নি। পিটও বরাবরই নির্যাতনের এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

জোলির সঙ্গে আইনি লড়াইয়ের মীমাংসা হলেও রুশ ধনকুবের ইউরি শেফলার ও তাঁর প্রতিষ্ঠান তেনুতে দেল মন্দোর (স্টোলি গ্রুপের ওয়াইন শাখা) বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন ব্র্যাড পিট। শেফলার যে দামে জোলির শেয়ার কিনেছিলেন, সেই একই মূল্যে তা কিনতে আদালতের আদেশ এবং ক্ষতিপূরণ দাবি করেছেন এই অভিনেতা।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরিচয় হয় পিট ও জোলির। হলিউডে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি ২০১৪ সালে বিয়ে করেন। ২০১৬ সালে জোলি বিচ্ছেদের আবেদন করেন। দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদ সমঝোতা চূড়ান্ত হয়, যদিও তখনো ‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে বিরোধ অমীমাংসিত ছিল।