হোম > বিনোদন > হলিউড

‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে

বিনোদন ডেস্ক

‘গেম অব থ্রোনস’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৯ সালের ৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট সিনেমাটি বানাচ্ছেন ওভেন হ্যারিস, যিনি এইচবিওর ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ সিরিজের নির্বাহী প্রযোজক ও বেশ কিছু পর্বের পরিচালক। চিত্রনাট্য লিখছেন নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজের স্রষ্টা ও ‘অ্যান্ডোর’খ্যাত অস্কার মনোনীত চিত্রনাট্যকার বো উইলিমোন।

সিনেমার গল্প আবর্তিত হবে টারগারিয়েন রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম এগন টারগারিয়েনকে ঘিরে। মূল গেম অব থ্রোনস সিরিজের ঘটনার কয়েক শতাব্দী আগে কীভাবে এগন পুরো ওয়েস্তেরোস জয় করে সাত রাজ্যকে একত্র করেছিলেন—সেই রোমাঞ্চকর কাহিনি জীবন্ত হবে সিনেমায়। প্রথম এগন চরিত্রটিকে আগে কখনো পর্দায় দেখা যায়নি, ফলে কে অভিনয় করবেন এই কালজয়ী চরিত্রে; তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল।

গেম অব থ্রোনসের গল্প নিয়ে সিনেমা তৈরির আলোচনা চলছে প্রায় এক দশক ধরে। তবে লেখক জর্জ আর আর মার্টিন উপন্যাসের সুবিশাল ক্যানভাস সংক্ষেপ করে সিনেমার অল্প সময়ে বাঁধতে চাননি বলেই দীর্ঘদিন এ প্রস্তাবে সায় দেননি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহের উপযোগী করে আসছে মার্টিনের ফ্যান্টাসি দুনিয়া।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা আট মৌসুম রাজত্ব করে রেকর্ডসংখ্যক এমি পুরস্কার ঘরে তুলেছে গেম অব থ্রোনস সিরিজ। এরপর এর প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’ ও ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ দিয়ে টারগারিয়েনদের ইতিহাস বিস্তৃত করেছে এইচবিও। এবার প্রেক্ষাগৃহে এগনস কনকোয়েস্টের মাধ্যমে সবচেয়ে বড় বাজি ধরতে যাচ্ছে ওয়ার্নার ব্রাদার্স।