সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী। শুধু অভিনয় নয়, এই সিনেমার এক্সিকিউটিভ প্রোডিউসারের দায়িত্বেও থাকছেন সায়নী।
আর্য্য সিনেমার গল্পে দেখা যাবে, ক্যারিয়ারের চাকা সচল রাখতে এবং উচ্চাশা পূরণে অনিচ্ছা সত্ত্বেও কঠিন এক দায়িত্ব নিতে বাধ্য হয় আর্য্য। একটি মৃতপ্রায় স্কুল ব্যান্ডকে নতুন করে দাঁড় করাতে হবে। কিন্তু পশ্চিমা দেশের পরিবেশ আর ভিন্ন সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে রীতিমতো হিমশিম খায় আর্য্য। এরপর শুরু হয় আসল লড়াই। একরোখা এবং কড়া স্বভাবের আর্য্য নিজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত ভয় আর নিরাপত্তাহীনতার মুখোমুখি দাঁড়িয়ে সফলতার এক নতুন সংজ্ঞা খুঁজে পায়।
সায়নী এখন আর্য্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ক্যারিয়ারের নতুন এই অধ্যায় নিয়ে তিনি বলেন, ‘এ রকম সুযোগ আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। সিনেমার চিত্রনাট্য যেমন দুর্দান্ত, তেমনই আমার চরিত্রটি। নির্মাতারা যে আমার মাঝে আর্য্যক দেখতে পেয়েছেন, তা আমার সৌভাগ্য। এই চরিত্রটি সারা জীবন আমার হৃদয়ে থেকে যাবে।’
২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন সায়নী গুপ্ত। এরপর ‘ফ্যান’, ‘জগ্গা জাসুস’, ‘জলি এলএলবি’, ‘আর্টিকল ১৫’, ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ সিনেমা দিয়ে পরিচিতি পান। ২০১৪ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মার্গারিটা উইথ আ স্ট্র সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। পরের বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমায় দৃষ্টিশক্তিহীন এক ছাত্রীর চরিত্রে সায়নীর অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। ‘ফোর মোর শটস প্লিজ’, ‘ইনসাইড এজ’, ‘দ্য গুড কার্মা হসপিটাল’, ‘দিল্লি ক্রাইম’ সিরিজ দিয়ে ওটিটিতেও দর্শকের মন জয় করেছেন সায়নী।