হোম > বিনোদন > হলিউড
মুখোমুখি ডিউন-অ্যাভেঞ্জার্স

ডিজনির সিদ্ধান্তে হতাশ ভিলেন্যুভ

বিনোদন ডেস্ক

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার পোস্টার ও ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বক্স অফিসে এক মহা লড়াইয়ের অপেক্ষায় হলিউড। আগামী ১৮ ডিসেম্বর একই দিনে মুক্তি পাচ্ছে দুই মেগা ফ্র্যাঞ্চাইজি ‘ডিউন: পার্ট থ্রি’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ভক্তরা ইতিমধ্যে এই মহারণের নাম দিয়েছেন ‘ডিউনসডে’। সিনেমাপ্রেমীদের মধ্যে এ নিয়ে তুমুল উত্তেজনা থাকলেও বিষয়টি মোটেও সহজভাবে নিতে পারেননি ডিউন নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। সম্প্রতি টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকারে ভিলেন্যুভ জানান, তাঁর আগের দুটি ডিউন সিনেমাও নানা প্রতিকূলতার মুখে পড়েছিল। প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল মহামারির শেষের দিকে, আর দ্বিতীয়টির মুক্তি পিছিয়েছিল হলিউডের ধর্মঘটের কারণে। তিনি বলেন, ‘তৃতীয়টির সময় ভেবেছিলাম, যাক, এবার কোনো মহামারি নেই, ধর্মঘটও নেই। স্বাভাবিকভাবে মুক্তি পাবে। কিন্তু তখনই ডিজনি সর্বকালের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিকে আমাদের সামনে দাঁড় করিয়ে দিল।’

প্রাথমিকভাবে ২০২৫ সালের ২ মে মুক্তির কথা ছিল অ্যাভেঞ্জার্স: ডুমসডের। তবে ২০২৩ সালে হলিউডের লেখকদের ধর্মঘটের কারণে এর মুক্তি পিছিয়ে ২০২৬ সালের ১ মে নির্ধারণ করা হয়। পরে নির্মাণকাজ শেষ করতে আরও সময় নেওয়ার জন্য গত বছর আবারও তারিখ পিছিয়ে ১৮ ডিসেম্বর চূড়ান্ত করে ডিজনি, যে তারিখটি আগে থেকে ডিউন: পার্ট থ্রির জন্য বরাদ্দ ছিল। তবে আইম্যাক্স পর্দায় ডিসেম্বরের ছুটির দিনগুলোতে একচেটিয়া প্রদর্শনের চুক্তি থাকায় ওয়ার্নার ব্রাদার্স আর তারিখ বদলাতে পারেনি।

ভিলেন্যুভ বলেন, ‘আমি ভীষণ হতাশ হয়েছিলাম। কিন্তু আইম্যাক্সের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় তারিখ বদলানো অসম্ভব ছিল। তাই ভাগ্যকে মেনে নিয়েছি। ডিউন হয়তো অ্যাভেঞ্জার্সের মতো বিশাল দানব নয়, তবে এটি বেশ শক্তিশালী। আশা করি, আমরা টিকে থাকব। আমি অ্যাভেঞ্জার্সের সঙ্গে প্রতিযোগিতায় নামিনি। ওটা একটা টি-রেক্স (বিশালকায় ডাইনোসর)। তবে আমি আশাবাদী ডিউন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’

বক্স অফিস বিশ্লেষকদের মতে, দুটি সিনেমা ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙেছে। শুধু আইম্যাক্স পর্দাতেই ডিউন: পার্ট থ্রির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন ডলারের বেশি, যা ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে অ্যাভেঞ্জার্স: ডুমসডের অগ্রিম টিকিট বিক্রি এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রথম সপ্তাহান্তে এটি ২৭০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) বিশ্বজুড়ে ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার আয় করেছিল।

ফ্র্যাঙ্ক হার্বার্টের উপন্যাস অবলম্বনে তৈরি হলেও ডিউন: পার্ট থ্রিতে মূল গল্পের কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ভিলেন্যুভ। বিশেষ করে জেনডায়া অভিনীত চানি চরিত্রটিকে উপন্যাসের তুলনায় আরও প্রতিবাদী ও শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে। নির্মাতা জানান, উপন্যাস থেকে সিনেমা নির্মাণের সময় কিছু পরিবর্তন আনা জরুরি, যদিও তিনি মূল বইয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেছেন।

ডিউন অধ্যায় শেষ করার পর ভিলেন্যুভের পরবর্তী বড় প্রজেক্ট নতুন ‘জেমস বন্ড’ সিনেমা, যেখানে ০০৭-এর ভূমিকায় অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। এ বিষয়ে নির্মাতা জানান, তিনি জেমস বন্ডের মূল ঐতিহ্য বদলাতে চান না; বরং সেই চিরচেনা ধারাকে বর্তমান সময়ের উপযোগী করে পর্দায় তুলে ধরতে চান।