হোম > বিনোদন > হলিউড

বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর বড় উদ্যোগ

বিনোদন ডেস্ক

লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রায় তিন দশক ধরে কাজ করছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৯৮ সালে ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’ সংস্থার মাধ্যমে এ কাজ শুরু করেন তিনি। পরে ২০২১ সালে পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের যুক্ত করে এ ফাউন্ডেশনকে বিস্তৃত করে নতুন নাম দেন ‘রি: ওয়াইল্ড’। প্রকৃতিকে তার নিজস্ব রূপ ও শক্তিতে ফিরিয়ে আনার লক্ষ্যে ৮০টির বেশি দেশে চলছে সংস্থাটির কার্যক্রম। ইতিমধ্যে সাড়ে ৪ কোটি হেক্টরের বেশি বন ও সামুদ্রিক এলাকা রক্ষা করতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে রি: ওয়াইল্ড।

এবার পরিবেশ রক্ষায় আরও বড় পদক্ষেপ নিলেন ডিক্যাপ্রিও। জলবায়ু পরিবর্তন ও মানুষের নানা হস্তক্ষেপে বিশ্বজুড়ে বিলুপ্তির মুখে থাকা অতিবিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রক্ষায় ২০০ মিলিয়ন ডলারের অনুদান তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। বিপন্ন প্রজাতি সুরক্ষায় একক উদ্যোগ হিসেবে এটিই সবচেয়ে বড় আর্থিক প্রতিশ্রুতি।

‘ফিনিক্স স্পেসিস প্রজেক্ট’ নামের এ উদ্যোগে ডিক্যাপ্রিওর সংস্থা রি: ওয়াইল্ডের সঙ্গে যুক্ত হয়েছেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন সানচেজ বেজোসের পরিচালনাধীন ‘বেজোস আর্থ ফান্ড’। ২০০ মিলিয়ন ডলারের এই অনুদানের অর্ধেক দিচ্ছে বেজোস আর্থ ফান্ড। বাকি ১০০ মিলিয়ন ডলার জোগান দিচ্ছে রি: ওয়াইল্ড, যেখানে সহ-অর্থায়নে পাশে দাঁড়িয়েছে ‘এজ অব ইউনিয়ন’ ও ‘টড গ্রেভস ফ্যামিলি ফাউন্ডেশন’।

সংবাদমাধ্যম এপি জানিয়েছে, ডিক্যাপ্রিওর দীর্ঘদিনের ভাবনা থেকেই এই মহাপরিকল্পনার জন্ম। স্থানীয় সরকার, পরিবেশবাদী সংগঠন ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে অত্যন্ত সংকটাপন্ন প্রজাতিগুলোকে চিহ্নিত করা হয়েছে। কোনো সাময়িক বা ছোট অনুদান নয়, বরং বিপন্ন প্রাণী ও উদ্ভিদের সংখ্যা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ফিনিক্স স্পেসিস প্রজেক্টে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হবে।

ফিনিক্স স্পেসিস প্রজেক্টের আওতায় সমুদ্রের গভীর তলদেশ থেকে শুরু করে আগ্নেয়গিরির সমভূমি—এমন ৩০টি দেশের ১০০টি অতিবিপন্ন প্রজাতিকে রক্ষা করা হবে।

তালিকায় রয়েছে মাদাগাস্কারের বিশেষ জাতের বিরল লেমুর, নর্থ ক্যারোলাইনার ফুসফুসহীন স্যালামান্ডার, ফিলিপাইনের বুনো শূকর, মেক্সিকোর বিশেষ প্রজাতির ছোট ইঁদুর, গ্যালাপাগোসের গোলাপি ইগুয়ানা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বনরুই, তানজানিয়ার প্যানকেক কচ্ছপ, কলম্বিয়ার তারাময় রাতের মতো রৈখিক কুনো ব্যাঙ, নিউ গিনির বিলুপ্তপ্রায় ডিম পাড়া স্তন্যপায়ী লং-বিকড একিডনাসহ অনেক বিরল প্রাণী।

বিশ্বজুড়ে হারিয়ে যেতে বসা বিরল প্রাণীদের বাঁচিয়ে রাখার লড়াইয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও ও বেজোস দম্পতির এই উদ্যোগ নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন পরিবেশবাদীরা।

‘মাইকেল’-এর পর নতুন সিনেমায় জাফর জ্যাকসন

পারিশ্রমিক জটিলতায় অনিশ্চয়তার মুখে ‘বার্বি ২’

ওপেনিং উইকএন্ডে ৯২৭ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ল স্পাইডার-ম্যান

স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে আলোচনায় স্যাডি সিঙ্ক

ভিডিও গেম থেকে বাস্তবের দুনিয়ায় জুমানজির শেষ পর্ব

অনলাইনে ফাঁস হওয়া ‘দ্য ওডিসি’ দেখল লাখো দর্শক

‘ব্ল্যাক প্যান্থার ৩’ ও নতুন ‘ঘোস্ট রাইডার’ সিনেমার ঘোষণা দিল মার্ভেল

ক্রিস্টোফার নোলানের পছন্দের তালিকায় সত্যজিৎ রায়ের সিনেমা

এবার হাল্কের মুখোমুখি স্পাইডার-ম্যান

অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে ‘টয় স্টোরি ৫’