হোম > বিনোদন > হলিউড

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য বদল

বিনোদন ডেস্ক

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের লুক। ছবি: সংগৃহীত

প্রায় এক দশক ধরে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। সেই বৃত্ত ভেঙে ‘ডিগার’ সিনেমায় এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে গত সোমবার। প্রোস্থেটিক মেকআপের মাধ্যমে এ সিনেমায় যেভাবে বদলে ফেলা হয়েছে টম ক্রুজের লুক, তাতে তাঁকে চেনা কঠিন।

ক্রুজের তারুণ্যদীপ্ত চেহারা ঢেকে দিতে সিলিকনের ভারী প্রোস্থেটিকস ব্যবহার করা হয়েছে। তাঁর পুরো মুখমণ্ডলে বয়সের ছাপ, বলিরেখা আর ঝুলে পড়া চামড়া অত্যন্ত নিখুঁতভাবে বসানো হয়েছে। টমের ঘন সিল্কি চুলের জায়গায় এই সিনেমায় তাঁকে দেখা গেছে প্রায় টাক মাথার কাছাকাছি অবস্থায়। তাঁর মাথায় অল্প কিছু সাদা ও পাতলা চুল রাখা হয়েছে। টমকে একজন অলস ও বিলাসী চরিত্রে দেখাতে বডি স্যুটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম ভুঁড়ি।

কেবল বাহ্যিক পরিবর্তন নয়, টম ক্রুজ এই চরিত্রের জন্য পুরোপুরি নিজের হাঁটাচলা ও কথা বলার ধরনও বদলে ফেলেছেন। ২০০৮ সালের কমেডি সিনেমা ‘ট্রপিক থান্ডার’-এ লেস গ্রসম্যান চরিত্রের পর এটিই তাঁর প্রোস্থেটিক মেকআপনির্ভর কোনো চরিত্র।

ডিগার সিনেমায় টম ক্রুজের এই লুকের পেছনে সবচেয়ে বড় অবদান জাপানি-আমেরিকান প্রোস্থেটিক মেকআপ ডিজাইনার কাজু হিরোর। এর আগে ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমায় গ্যারি ওল্ডম্যান এবং ‘বোম্বশেল’ সিনেমায় শার্লিজ থেরনের নিখুঁত মেকআপ করে অস্কার জেতেন তিনি। অস্কারে মনোনয়ন পেয়েছেন আরও চারবার।

ডিগার সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন টেক্সাসের এক ক্ষমতাধর, অহংকারী ও খ্যাপাটে তেল ব্যবসায়ী ডিগার রকওয়েলের চরিত্রে। মাটির বুক চিরে তেল উত্তোলনের তীব্র লোভ ও ক্ষমতার দাপটে একসময় সে নিজের পরিবার ও সমাজের বিরুদ্ধে এক অন্তহীন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। নিজের তৈরি করা সাম্রাজ্য ও লোভের ফাঁদে নিজেই বন্দী হওয়া এক মানুষের করুণ পতন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এই গল্পটি একাধারে ট্রাজিক ও রোমহর্ষক।

২০১৫ সালের ‘দ্য রেভেন্যান্ট’ দিয়ে অস্কার জেতার পর ইনারিতুর মাথায় ডিগার সিনেমার আইডিয়া আসে। এরপর প্রায় তিন বছর সময় নিয়ে চিত্রনাট্য তৈরি করে টম ক্রুজের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিচালক ইনারিতু বলেন, ‘১০ বছর লেগে গেল সিনেমাটি বানাতে। এতে টম যে রূপান্তরের মধ্য দিয়ে গেছে তা সত্যিই স্তম্ভিত করার মতো। ও একবার আমাকে বলেছিল, “আলেহান্দ্রো, এমন একটি চরিত্রে অভিনয় করতে আমার ৪০ বছর সময় লেগে গেল।” আমরা দুজনেই জানতাম, আমাদের এ ধরনের কোনো কাজের অভিজ্ঞতাই নেই।’

টম ক্রুজ বলেন, ‘আমি আগে কখনো এমন কোনো চরিত্রের মুখোমুখি হইনি, যা আমাকে এমনভাবে চ্যালেঞ্জ করতে পারে, আর আলেহান্দ্রোর ক্ষেত্রেও তাই। যখন দর্শক সিনেমাটি পর্দায় দেখবেন, তাঁরা সম্পূর্ণ মৌলিক এবং ভিন্ন এক সৃষ্টি দেখতে পাবেন।’

ডিগার সিনেমায় আরও অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ, সান্ড্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমনস, সোফি ওয়াইল্ড, এমা ডি’আর্সি প্রমুখ। আগামী ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

স্মার্টফোন থাকলে আমি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

সাফল্যের সঙ্গে তৃতীয় সিজনে ‘হাউস অব ডেভিড’

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান