মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
স্টার ওয়ারসের আরও অনেক সিনেমা ও সিরিজ থাকলেও দর্শকের কাছে সবচেয়ে জনপ্রিয় এর মূল গল্পটি, যা স্কাইওয়াকার পরিবারের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৯৭৭ সালে ‘আ নিউ হোপ’ দিয়ে শুরু হয়েছিল স্কাইওয়াকার পরিবারের এই মহাজাগতিক যাত্রা। ২০১৯ সাল পর্যন্ত এই মূল ধারার মোট ৯টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
২০১৯ সালের ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর পর মূল গল্পের নতুন কোনো সিনেমা আসেনি। দীর্ঘ বিরতির পর এবার সেই মূল ধারাকে এগিয়ে নিতেই নতুন ট্রিলজি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্ব পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জন ওয়াটসকে।
নতুন এই ট্রিলজির চিত্রনাট্য লিখছেন ‘এক্স-মেন: ডার্ক ফিনিক্স’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’খ্যাত চিত্রনাট্যকার সাইমন কিনবার্গ। নতুন পর্বে আবারও দেখা যেতে পারে আগের সিকুয়েল ট্রিলজির রে চরিত্রের অভিনেত্রী ডেইজি রিডলিকে।
পরিচালক হিসেবে বড় বাজেটের হলিউড প্রজেক্ট সামলানোর ক্ষেত্রে বেশ দক্ষ জন ওয়াটস। টম হল্যান্ড অভিনীত তিনটি সফল স্পাইডার-ম্যান সিনেমা—‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ এবং রেকর্ড ব্যবসা করা ‘নো ওয়ে হোম’ পরিচালনা করেছিলেন তিনিই। এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে স্টার ওয়ারসের একটি রোমাঞ্চকর সিরিজও তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার স্টার ওয়ারসের বড় বাজেটের এই নতুন প্রজেক্ট তাঁর কাঁধে তুলে দিল প্রযোজনা সংস্থা লুকাসফিল্ম।
বর্তমানে শন লেভি পরিচালিত স্টার ওয়ারস সিনেমা ‘স্টার ফাইটার’-এর পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। রায়ান গসলিং অভিনীত সিনেমাটি স্টার ওয়ারসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তারপরই জন ওয়াটসের হাত ধরে শুরু হবে নতুন স্কাইওয়াকার অধ্যায়।