হোম > বিনোদন > হলিউড

অবশেষে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আসছে ‘এক্স-মেন’

বিনোদন ডেস্ক

ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে ‘এক্স-মেন’ সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।

নতুন এক্স-মেন সিনেমায় প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর, এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, রোগ চরিত্রে ইন্ডে নাভারেট, স্টর্ম চরিত্রে মায়া বয়েড এবং খলনায়ক মি. সিনিস্টার চরিত্রে অভিনয় করবেন অ্যাডাম ড্রাইভার। সিনেমাটি পরিচালনা করবেন ‘থান্ডারবোল্টস’খ্যাত নির্মাতা জেক শ্রেয়ার। সব ঠিক থাকলে ২০২৮ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মার্ভেলের এই প্রথম এক্স-মেন সিনেমা।

এক্স-মেনের গল্প গড়ে উঠেছে মিউট্যান্ট বা জিনগত পরিবর্তনের কারণে বিশেষ ক্ষমতার অধিকারী একদল মানুষকে কেন্দ্র করে। ১৯৬৩ সালে স্ট্যান লি ও জ্যাক কার্বির হাত ধরে কমিক বইয়ের পাতায় এক্স-মেনের যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে মার্ভেল দেউলিয়া হওয়ার মুখে পড়লে তারা এক্স-মেনের সিনেমা বানানোর স্বত্ব টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের কাছে বিক্রি করে দেয়। ২০০০ সালে তারা প্রথমবারের মতো পর্দায় নিয়ে আসে এক্স-মেনকে। এরপর টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স একে একে তৈরি করেছে এই সিরিজের ১৩টি সিনেমা।

২০১৯ সালে মার্ভেল স্টুডিওসের অভিভাবক প্রতিষ্ঠান ডিজনি কিনে নেয় টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সকে। ফলে এক্স-মেনের সিনেমার স্বত্ব আবার মার্ভেলের কাছে ফেরত আসে। সেই থেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কয়েকটি সিনেমায় এক্স-মেনের বিভিন্ন চরিত্র বিচ্ছিন্নভাবে এলেও এবারই প্রথম এক্স-মেন নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা বানাচ্ছে মার্ভেল স্টুডিওস।

ডি২৩ ইভেন্টে এক্স-মেন ছাড়াও মার্ভেল, ডিজনি অ্যানিমেশন, পিক্সার এবং স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির বেশ কিছু সিনেমার ঘোষণা এসেছে। প্রকাশ করা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র বিশেষ টিজার, আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। পিক্সার অ্যানিমেশনের ‘ইনক্রেডিবলস ৩’ আসবে ২০২৮ সালের গ্রীষ্মে, তৈরি হবে ২০১৭ সালের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কোকো’র সিকুয়েল।

এ ছাড়াও ডি২৩ ইভেন্টে জানানো হয়েছে, ২০২৭ সালের নভেম্বরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ডিজনি অ্যানিমেশনের ‘ফ্রোজেন ৩’ সিনেমার কাজ। গত বছর ‘জুটোপিয়া ২’-এর ব্যাপক সাফল্যের পর এই সিনেমার তৃতীয় পর্বের ঘোষণা দেওয়া হয়েছে। সাড়া জাগানো লাইভ অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালের মে মাসে, জানানো হয়েছে সেই খবরও।