হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

মঞ্চনাটক: বটতলার ‘সখী রঙ্গমালা’ নাটকের দুই দিনে দুই প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘সখী রঙ্গমালা’ নাটকের দৃশ্য। ছবি: বটতলার সৌজন্যে

২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সখী রঙ্গমালা।

সখী রঙ্গমালা নাটকের গল্প রচিত হয়েছে নোয়াখালী অঞ্চলের চৌধুরীর লড়াই নিয়ে। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেয়েছে শাহীন আখতারের উপন্যাস সখী রঙ্গমালায়। সেই উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।

দক্ষিণ সমতট অঞ্চলের ২০০ বছরেরও আগের এক কিংবদন্তির আখ্যানকে উপজীব্য করে রচিত হয়েছে সখী রঙ্গমালা। নায়ক জমিদার নন্দন রাজচন্দ্র চৌধুরী। তার নারীপ্রীতির সুযোগ নিয়ে পিতৃব্য রাজেন্দ্র নারায়ণ নানা কৌশলে তাকে ঠকায়। এক সময় নিচু জাতের সুন্দরী রঙ্গমালার প্রেমে পড়ে রাজচন্দ্র। ধূর্ত রাজেন্দ্র নারায়ণ, দাপুটে মা সুমিত্রা, পাখিপোষা বউ ফুলেশ্বরী ও মোহময়ী রঙ্গমালাকে ঘিরে জমে ওঠে প্রেম ও ক্ষমতার অভূতপূর্ব নাটক। তার মধ্যে ধরা পড়ে কিছু মানুষের কম্পমান মুখচ্ছবি, জঙ্গ-ফ্যাসাদে তছনছ এক জনপদ।

নাটকে ফুলেশ্বরী রাই চরিত্রে অভিনয় করছেন শর্মীমালা, রঙ্গমালা চরিত্রে শাহিনূর আক্তার প্রীতি এবং রাজচন্দ্র চরিত্রে আছেন মাহবুব মাসুম। আরও অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ওলিয়েন্ডার রিমা, সানজিদা ইয়াসমিন, তৌফিক হাসান ভূঁইয়া, আশরাফুল ইসলাম অশ্রু প্রমুখ।

নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘বটতলার সবাই বিশ্বাস করে ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে-প্রকৃতিতে। তেমন এক দর্শন নিয়ে, নারী-পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে, সখী রঙ্গমালা তেমনই এক আভাস দেয়।’