নাট্যদল ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থেটার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকের দ্বাদশ প্রদর্শনী।
রবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর দেখা হয়েছিল আর্জেন্টিনায়, ১৯২৪ সালে। তাঁদের দেখা হওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না, তবু দেখা হয়েছিল। শহর থেকে খানিকটা দূরে, নদীর পাড়ের এক সাদা বাড়িতে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথেয়তায় রবীন্দ্রনাথ স্মৃতিময় কিছুদিন অতিবাহিত করেন। সেখানে তাঁদের ভাবের আদান-প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ্বের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে। এরপর কত জল গড়িয়ে গেছে রিও ডেলা প্লাটা নদীতে। সেই অপূর্ব অলৌকিক সুন্দর সাক্ষাতের প্রেক্ষাপটেই রচিত হয়েছে নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।