হোম > বিনোদন > সিনেমা
এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

দৃশ্যম: দ্য কনক্লুশন (হিন্দি সিনেমা)

মুক্তি: নেটফ্লিক্স (২৭ নভেম্বর)

অভিনয়: অজয় দেবগন, টাবু, জয়দীপ আহলাওয়াত

গল্পসংক্ষেপ: নতুন করে স্যাম হত্যা মামলার তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চের এসপি রাজবীর সিং। ফলে আবারও পুলিশের নজরদারিতে পড়ে বিজয় সালগাঁওকর ও তার পরিবার। তদন্ত যতই গতি পায়, পরিবারকে বাঁচাতে বিজয়কে ততই নতুন ছক কষতে হয়। সব মিলিয়ে আবারও জমে ওঠে বুদ্ধির রুদ্ধশ্বাস লড়াই।

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে (ইংরেজি সিনেমা)

মুক্তি: নেটফ্লিক্স (২৬ নভেম্বর)

অভিনয়: টম হল্যান্ড, জেন্ডায়া, স্যাডি সিঙ্ক

গল্পসংক্ষেপ: ডক্টর স্ট্রেঞ্জের জাদুতে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যাওয়ার চার বছর পরের গল্প দেখা যাবে এ সিনেমায়। সবার কাছ থেকে দূরে সরে গিয়ে পরিচয় গোপন রেখেই নিউইয়র্ক শহর রক্ষা করে চলেছে স্পাইডার-ম্যান। তার শরীরে নতুন কিছু ক্ষমতার প্রকাশ ঘটে, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় সে।

ব্লেড রানার ২০৯৯ (ইংরেজি সিরিজ)

মুক্তি: প্রাইম ভিডিও (২৫ নভেম্বর)

অভিনয়: হান্টার শেফার, মিশেল ইয়ো

গল্পসংক্ষেপ: কোরা নামের এক তরুণী পুলিশের হাত থেকে বাঁচতে ব্লেড রানারের ছদ্মবেশ ধারণ করে। ওলওয়েন নামের মৃতপ্রায় এক কৃত্রিম মানবের সঙ্গে জুটি বাঁধে। তাদের লক্ষ্য একদল বিদ্রোহী পলাতক রেপ্লিক্যান্টকে খুঁজে বের করা, যাদের কাছে লুকানো আছে এক গোপন রহস্য, যা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে।

হনুমান অংশ (হিন্দি সিনেমা)

মুক্তি: সনি লিভ (২৭ নভেম্বর)

অভিনয়: শোভিনব সত্য, চন্দন আনন্দ

গল্পসংক্ষেপ: মায়ের মৃত্যুর পর শোকাহত এক কিশোর মায়ের সঙ্গে পুনর্মিলনের আশায় আধ্যাত্মিকতার পথে পা বাড়ায়। ভালোবাসা, অন্নসেবা ও আশীর্বাদের মাধ্যমে মানবসেবায় নিজেকে নিবেদিত করে এবং পরবর্তী সময়ে নিম করোলি বাবা হিসেবে পরিচিত হয়ে ওঠে।

নাইন টু সিক্স (কোরীয় সিরিজ)

মুক্তি: প্রাইম ভিডিও (২৫ নভেম্বর)

অভিনয়: পার্ক মিন ইয়োং, ইয়ুক সং জে

গল্পসংক্ষেপ: জনপ্রিয় চীনা ড্রামা ‘দ্য র‍্যাশনাল লাইফ’ অবলম্বনে তৈরি হয়েছে ১২ পর্বের এই কোরীয় অফিস রোমান্স সিরিজ। মূল চরিত্র কাং একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা। কাজপাগল এই নারী প্রেম-ভালোবাসাকে ক্ষণস্থায়ী আবেগ বলে মনে করে। কিন্তু দুজন পুরুষের আগমনে তার সব হিসাব-নিকাশ পাল্টে যায়।

ওয়ে অব দ্য ওয়ারিয়র কিড (ইংরেজি সিনেমা)

মুক্তি: অ্যাপল টিভি (২৫ নভেম্বর)

অভিনয়: ক্রিস প্র্যাট, জুড হিল

গল্পসংক্ষেপ: গল্পের মূল চরিত্র ১১ বছর বয়সী মার্ক, যে প্রতিনিয়ত স্কুলে সহপাঠীদের বুলিংয়ের শিকার হয়। গ্রীষ্মের ছুটিতে তাকে সাহসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার দায়িত্ব নেয় তার মামা জেক। আহত এই নেভি সিল সদস্য ভাগনেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজের সুস্থ হয়ে ওঠার লড়াইটাও চালিয়ে যায়।