৭৯তম কান চলচ্চিত্র উৎসব
স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার কান চলচ্চিত্র উৎসবের আলোচিত নাম। এর আগে কানের মূল প্রতিযোগিতায় তাঁর সাতটি সিনেমা স্থান পেয়েছে। এখনো স্বর্ণপাম না পেলেও জিতেছেন সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার। এবার অষ্টমবারের মতো মূল প্রতিযোগিতায় রয়েছে তাঁর নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’। গত মঙ্গলবার কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ারে ব্যাপক সাড়া পান পেদ্রো আলমোদোভার।
জ্যাকেটে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লেখা ব্যাজ পরে কানের রেড কার্পেটে পা রাখেন ৭৬ বছর বয়সী নির্মাতা পেদ্রো আলমোদোভার। প্রিমিয়ারের পর সংবাদ সম্মেলনে বর্তমান বৈশ্বিক রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। এসবের বিরুদ্ধে শিল্পীদের সচেতন থাকার বার্তা দিয়ে বলেন, ‘নীরবতা এবং ভয় হলো পরিস্থিতি খারাপ হওয়ার লক্ষণ। বর্তমানের এই কঠিন সময়ে সমাজের অন্যায় ও রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিল্পীদের নৈতিক দায়িত্ব।’
পেদ্রো আলমোদোভারের মতোই আরেক প্রতিবাদী ও সমাজসচেতন শিল্পী হাভিয়ের বারদেমের প্রশংসা করেন তিনি। এ বছরের অস্কারকে অরাজনৈতিক রাখার নানা চেষ্টা সত্ত্বেও অস্কারের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষ নেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের। সেই প্রসঙ্গ টেনে অস্কার কর্তৃপক্ষের সমালোচনা করে আলমোদোভার বলেন, ‘অস্কারের সম্প্রচার দেখার সময় এটা বেশ লক্ষণীয় ছিল যে যুদ্ধ বা ট্রাম্পের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ ছিল না। একমাত্র ব্যতিক্রম ছিলেন আমার বন্ধু হাভিয়ের বারদেম, যিনি সরাসরি বলেছিলেন— ফ্রি প্যালেস্টাইন।’
সংবাদ সম্মেলনে মার্কিন রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে আলমোদোভার বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন কোনো ধরনের গণতন্ত্র নেই। অনেকে বলেন, এটি ত্রুটিপূর্ণ গণতন্ত্র। তবে সেখানে কোনো গণতন্ত্র আছে বলে আমি বিশ্বাস করি না। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, ভোটাধিকার প্রক্রিয়ার মাধ্যমেই সেখানে এই ধরনের একনায়কতান্ত্রিক শাসনের জন্ম হয়েছে। ইউরোপের উচিত ট্রাম্পের এই ক্ষতিকর রাজনৈতিক নীতির সামনে মাথানত না করা।’