হোম > বিনোদন > সিনেমা

বলিউড: জট কাটল সালমান খানের ‘মাতৃভূমি’র

বিনোদন ডেস্ক

‘মাতৃভূমি’ সিনেমায় সালমান খান। ছবি: সংগৃহীত

ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

২০২০ সালে ভারত ও চীনের মধ্যে ঘটে যাওয়া গালওয়ান উপত্যকার সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে মাতৃভূমি। এতে কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। গালওয়ানের ওই সংঘাতে সন্তোষ বাবুসহ ১৬ বিহার রেজিমেন্টের ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান।

শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। মুক্তির কথা ছিল গত এপ্রিলে। কিন্তু সে সময় টিজার প্রকাশের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস তীব্র সমালোচনা করে অভিযোগ তোলে যে সিনেমায় তথ্য বিকৃত করে চীনবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে হস্তক্ষেপ করে। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চিত্রনাট্যে বড় পরিবর্তন আনেন নির্মাতারা। ৪০ শতাংশ শুটিং করা হয় নতুনভাবে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও বিতর্কের কথা মাথায় রেখে বদলানো হয় সিনেমার নামও। অবশেষে সংশোধিত সংস্করণে দুই দেশের বর্তমান ইতিবাচক সম্পর্ককে গুরুত্ব দেওয়ায় সবুজ সংকেত দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সিনেমাটি মুক্তির আগে আরেকটি ধাপ বাকি রয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটি এখন ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে। চলতি মাসে সেন্সর বোর্ডের ছাড়পত্র মিললে রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির ঠিক এক সপ্তাহ পর—আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে আসতে পারে মাতৃভূমি। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।