হোম > বিনোদন > সিনেমা

বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনা

‘দ্য অরেঞ্জ’ সিনেমায় যুক্ত হলেন তৌকীর, ইয়ামিন ও স্বর্ণালী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইয়ামিন,স্বর্ণালী,তৌকীর আহমেদ। ছবি: সংগৃহীত

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।

বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ফ্রান্সের চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’। ফ্রান্সে গিয়ে একজন বাংলাদেশি প্রবাসী নিখোঁজ হয়ে যায়। অনেক বছর পর তার খোঁজে ফ্রান্সে যায় তার মেয়ে। হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে ফেরার গল্প নিয়েই সিনেমা।

তৌকীর আহমেদ জানান, তিনি যে ধরনের সিনেমা নির্মাণ করেন, দ্য অরেঞ্জ তেমন একটি সিনেমা বলেই অভিনয়ে আগ্রহী হয়েছেন। তৌকীর বলেন, ‘আমি নিজে যে ধরনের চলচ্চিত্র নির্মাণে বিশ্বাস করি, এটি তেমন সিনেমা। চলচ্চিত্র মানুষকে ভাবাতে পারে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে, প্রশ্ন করতে পারে। যতটা মনে হয়েছে—দ্য অরেঞ্জ তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে।’

রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া ফয়জুল ইয়ামিনের এটি দ্বিতীয় সিনেমা। নতুন সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা। ইয়ামিন বলেন, ‘গল্প শোনার পর মনে হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ভিন্ন ধারার এক সিনেমা হতে যাচ্ছে দ্য অরেঞ্জ। নিজেকে খুব লাকি মনে হচ্ছে এ রকম একটি সিনেমার অংশ হতে পেরে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। আমার বিশ্বাস, পুরো টিম মিলে সর্বোচ্চটা দিলে সিনেমাটি অনেক দূর যাবে।’

অন্যদিকে গত বছর এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ দিয়ে রুপালি পর্দায় নাম লিখিয়েছেন স্বর্ণালী চৈতি। নতুন সিনেমা নিয়ে স্বর্ণালী চৈতি বলেন, ‘চিত্রনাট্য পড়ার পর থেকে সিনেমার গল্পটি অনুভব করতে পারছি। আশা করছি দর্শকও নিজেদের কানেক্ট করতে পারবে।’

নির্মাতা স্বপন আহমেদ বলেন, ‘আমরা একটি গল্প বলার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে, যা বাংলাদেশি দর্শক ও ডায়াসপোরাকে দারুণভাবে কানেক্ট করবে। ধীরে ধীরে আমাদের সেই চেষ্টাটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আশা করছি সিনেমাটি সবার মন জয় করতে পারবে।’

নির্মাতা জানিয়েছেন, সেপ্টেম্বরে ফ্রান্সে শুরু হবে দ্য অরেঞ্জের শুটিং। সিনেমার অধিকাংশই ফরাসি কাস্ট অ্যান্ড ক্রু। বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।