পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। নির্মাতাদের সংগঠনটির সঙ্গে অ্যাসেন কমিউনিকেশন যৌথভাবে আয়োজন করছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট—সিজন এক’ নামের এই উদ্যোগ।
‘দিস ইজ ইয়োর শট’ স্লোগান নিয়ে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রজেক্ট। প্রতিটি নির্বাচিত প্রকল্পের নির্মাণে নির্ধারিত ফান্ড পাওয়ার পাশাপাশি নির্বাচিত নির্মাতারা অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাডফা কমিউনিটির নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। প্রস্তাবিত চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় গল্প জমা দেওয়া যাবে।
আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, এক হাজার শব্দের মধ্যে গল্প বা সিনোপসিস, ৩০০ শব্দের মধ্যে পরিচালকের বক্তব্য, ঘরানা, সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য। আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬।