হোম > বিনোদন > সিনেমা

অনুদানের সিনেমায় রবীন্দ্রসংগীত গাইলেন অণিমা ও নির্ঝর

বিনোদন প্রতিবেদক, ঢাকা

স্টুডিওতে নির্ঝর চৌধুরী ও অণিমা রায়। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে প্রভার। দেনা পাওনায় আরও অভিনয় করছেন শিপন মিত্র। নির্মাতা জানিয়েছেন এরই মধ্যে সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে।

এবার দেনা পাওনা সিনেমায় সংযুক্ত হলো ‘জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে’ শিরোনামের রবীন্দ্রসংগীত। গানটি গেয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায় ও নির্ঝর চৌধুরী। সংগীত আয়োজন করেছেন শেখ সাদী খান। গত রোববার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা সাদেক সিদ্দিকী জানিয়েছেন, গল্পের ধারাবাহিকতায় এই গানটির প্রয়োজন ছিল। শিল্পী অণিমা রায় বলেন, ‘সিনেমায় গান গাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। আগেও আমি বেশ কয়েকটি সিনেমায় গান করেছি। তার মাঝে পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন অভিনীত কলকাতার “রিইউনিয়ন” সিনেমার “হৃদয়ের এ কূল, ও কূল” গানটি বিশেষভাবে আলোচিত হয়েছিল। এ ছাড়া “শ্রাবণ জ্যোৎস্নায়” সিনেমায় “নব আনন্দে জাগো”, “অসম্ভব” সিনেমায় “আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে”, “ভালোবাসার প্রজাপতি” সিনেমায় “ভেঙে মোর ঘরের চাবি”সহ বেশ কিছু গান গেয়েছি। দেনা পাওনা সিনেমায় শেখ সাদী স্যারের সংগীত আয়োজনে রবীন্দ্রসংগীত গাইলাম। সুরসংগত আধুনিক তবে গানের কথা ও সুরকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। সুন্দর হয়েছে গানটি। আমি সব সময় প্রত‍্যাশা করি রবীন্দ্রনাথের গান বেশি করে আমাদের সিনেমায় ব‍্যবহৃত হোক। কারণ, রবীন্দ্রনাথ যেভাবে সবার কথা সর্বসময়ের গভীরে অনুভূতিতে ব‍্যক্ত করেছেন তা এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে সিনেমার চেয়ে বড় মাধ্যম আর নেই।’

নির্ঝর চৌধুরী নিজেও একজন সুরকার ও সংগীত পরিচালক। ‘পদ্মাপুরাণ’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘বেহুলা দরদী’, ‘বিফোর আই ডাই’সহ বেশ কিছু সিনেমা ও স্বল্পদৈর্ঘ্যের সংগীত পরিচালনা করেছেন তিনি। দেনা পাওনায় গান গাওয়া নিয়ে তিনি বলেন, ‘অণিমা আমার ছোটবেলার বন্ধু। স্টেজ শোতে তাঁর সঙ্গে অনেকবার গেয়েছি। এবারই প্রথম কোনো সিনেমার জন্য আমরা একসঙ্গে গাইলাম। তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের মিউজিক অ্যারেঞ্জমেন্টে। তাঁর সঙ্গে কাজ করাটাও বড় প্রাপ্তি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো।’