হোম > বিনোদন > সিনেমা

‘নারুতো’ ভক্তদের জোড়া সুখবর

বিনোদন ডেস্ক

‘নারুতো’ অ্যানিমেশনের দৃশ্য

‘নারুতো’ ভক্তদের জন্য দারুণ সুখবর। একই সঙ্গে নতুন অ্যানিমে সিরিজ ও মাঙ্গা (কমিকস) নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় এই জাপানি ফ্র্যাঞ্চাইজি। নিউইয়র্ক কমিক কনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন অ্যানিমে সিরিজটি হতে যাচ্ছে একটি ক্রসওভার। অর্থাৎ এখানে নারুতোর চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে ‘নিঙ্কু’ নামের আরেকটি জনপ্রিয় জাপানি কমিকসের গল্প। তাই নতুন এই সিরিজের নাম রাখা হয়েছে ‘নারুতো এক্স নিঙ্কু’। যৌথভাবে এটি তত্ত্বাবধান করবেন নারুতোর স্রষ্টা মাসাশি কিশিমোতো ও নিঙ্কুর স্রষ্টা কোজি কিরিয়ামা।

নারুতো এক্স নিঙ্কু সিরিজের গল্পে দেখা যাবে, কাকাশির কাছ থেকে একটি মিশনের দায়িত্ব পায় টিম ৭-এর সদস্য নারুতো, সাসুকে ও সাকুরা। কাকাশি নিজে অংশ নিতে না পারায় নারুতোকে দলের ভারপ্রাপ্ত নেতা করা হয়। এমন সিদ্ধান্তে দারুণ উজ্জীবিত নারুতো মিশন সফল করতে মরিয়া হয়ে ওঠে।

কিন্তু যাত্রাপথে তারা অন্য এক জগতে হারিয়ে যায়। সেখানে তাদের সামনে হাজির হয় ব্যাঙের মতো চেহারার ফুসুকে নামের এক বালক। এই অদ্ভুত জগতে তাদের জন্য কী অপেক্ষা করছে, তা নিয়েই এগোবে নারুতো এক্স নিঙ্কু সিরিজের গল্প।

অন্যদিকে নারুতোর স্রষ্টা মাসাশি কিশিমোতো প্রকাশ করতে যাচ্ছেন এই সিরিজের নতুন মাঙ্গা, যার নাম দেওয়া হয়েছে ‘শ্যাডো রাইজিং’।

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল নতুন অ্যানিমে ও কমিকসের পাশাপাশি বাস্তব অভিনয়শিল্পীদের নিয়ে (লাইভ অ্যাকশন) সিনেমা নির্মাণের। প্রথমবারের মতো বড় পর্দায় আসছে নারুতো। হলিউডের প্রখ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় সিনেমাটির প্রাথমিক কাজ চলছে। গত গ্রীষ্মে এই সিনেমার জন্য অভিনয়শিল্পী খোঁজার কাজ শুরু করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। এবার কমিক কনের প্যানেল আলোচনায় সিনেমাটির অগ্রগতি নিয়ে পরিচালকের বার্তা পড়ে শোনানো হয়।

সিনেমাটির অগ্রগতি জানিয়ে ক্রেটন বলেন, ‘নারুতোর যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো তার হার না মানা মানসিকতা। মানুষ তাকে যত অবমূল্যায়নই করুক না কেন, নিজের ওপর বিশ্বাস ও প্রিয়জনদের জন্য লড়াই করা সে কখনো থামায় না। এই অদম্য স্পৃহাই আমাদের গল্পের মূল ভিত্তি। আমরা খুব যত্ন নিয়ে কিশিমোতোর সৃষ্টিকে পর্দায় তুলে আনার কাজ করছি। শিগগিরই নতুন কিছু জানাতে পারব।’