হোম > বিনোদন > সিনেমা

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক

‘বনলতা সেন’ সিনেমার পোস্টার

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’। সে সময় প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলেও এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি সিনেমা এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছে ‘বনলতা সেন’।

কবি জীবনানন্দ দাশের জীবনবোধ ও তাঁর কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে বনলতা সেন সিনেমাটি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ প্রমুখ।

কেরালা উৎসবে বনলতা সেন নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতো আমার বনলতা সেনও হয়তো কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি। কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মতো আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তির সঙ্গে কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে বনলতা সেন জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি। শেষ পর্যন্ত কেরালা উৎসবের মধ্য দিয়ে বনলতা সেনের আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।’

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা উঠবে এই আন্তর্জাতিক উৎসবের, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগটি বেশ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের বনলতা সেন সিনেমাকে লড়তে হবে খ্যাতিমান নির্মাতাদের কাজের সঙ্গে। এই তালিকায় রয়েছে প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’, বার্লিন উৎসবে জোড়া পুরস্কার জেতা ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো মাতানো ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’।