স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা চারটি হলিউড সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, টাইম-ট্রাভেল অ্যাডভেঞ্চার থেকে পপতারকা বিলি আইলিশের থ্রিডি লাইভ কনসার্ট ফিল্ম—সবই আছে এই তালিকায়।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’ নামে সংগীতসফর করেন সংগীত তারকা বিলি আইলিশ। এসব কনসার্টের রোমাঞ্চকর অভিজ্ঞতা বড় পর্দায় ফুটিয়ে তুলতেই তৈরি করা হয়েছে এই থ্রিডি সিনেমা। কনসার্টের মূল পারফরম্যান্সের পাশাপাশি ট্যুর চলাকালীন পর্দার পেছনের কিছু বিশেষ মুহূর্তও রাখা হয়েছে সিনেমায়। প্রযোজনা ও পরিচালনা করেছেন জেমস ক্যামেরন ও বিলি আইলিশ।
জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘এভিল ডেড’-এর ষষ্ঠ সিনেমা ও ‘এভিল ডেড রাইজ’-এর সিকুয়েল ‘এভিল ডেড বার্ন’। সেবাস্টিয়ান ভ্যানিচেক পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন সুহেলা ইয়াকুব, হান্টার ডুহান, লুসিয়ানে বুকানন প্রমুখ। গল্পে দেখা যাবে, সড়ক দুর্ঘটনায় স্বামী উইলের মৃত্যুর পর অ্যালিস মানসিক শান্তির জন্য শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে দেখা করতে যায়। অ্যালিসের শ্বশুরবাড়ির সদস্যরা শয়তানের কবলে পড়ে একে একে রক্তপিপাসু দানবে রূপান্তরিত হতে শুরু করে। নিজের জীবন বাঁচাতে অ্যালিসকে ভয়াবহ লড়াই চালাতে হয়।
নরওয়েজিন পরিচালক আন্দ্রে অভ্রেডাল বানিয়েছেন ‘প্যাসেঞ্জার’ নামের এই ভৌতিক সিনেমা। এর গল্পে দেখা যাবে, নির্জন হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখে এক তরুণ দম্পতি সেখানে গাড়ি থামায়। সেখান থেকে রওনা দেওয়ার পর তারা বুঝতে পারে, এক অভিশপ্ত অপশক্তি তাদের গাড়িতে সওয়ার হয়েছে। তাদের রোমাঞ্চকর ভ্রমণ পরিণত হয় এক বীভৎস দুঃস্বপ্নে।
অ্যানিমেশন সিনেমা ‘টাইম হোপারস: দ্য সিল্ক রোড’-এ তুলে ধরা হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রাচীন বিজ্ঞান ও সংস্কৃতির স্বর্ণযুগ। গল্পের প্রেক্ষাপট ২০৫০ সালের ভ্যাঙ্কুভার শহর। চার প্রতিভাবান শিশু টাইম ট্রাভেল করে পৌঁছে যায় দূর অতীতের ঐতিহাসিক সিল্ক রোড অঞ্চলে। সেখানে তারা এক চতুর অ্যালকেমিস্টের মুখোমুখি হয়, যে ওই সময়ের বিজ্ঞানীদের আবিষ্কার ধ্বংস করে ভবিষ্যৎ পৃথিবী বদলে দেওয়ার চক্রান্ত করছে। তার চক্রান্ত নস্যাৎ করার এক রোমাঞ্চকর অভিযানে নেমে পড়ে চার শিশু।