হোম > বিনোদন > সিনেমা

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। আজও সেই গান জড়িয়ে আছে শ্রোতাদের অনুভূতিতে। ৪৪ বছর পর আবার সিনেমার জন্য এই মন তোমাকে দিলাম গানটি নতুন করে গাইলেন সাবিনা ইয়াসমীন। নতুন সংগীতায়োজনে তৈরি এই গান দেখা যাবে রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমায়।

এই মন তোমাকে দিলাম গানটির কথা লিখেছেন গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন আনোয়ার পারভেজ। দম সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ, সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

১১ মার্চ দুপুরে রাজধানীতে একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। দম সিনেমার পরিচালক রেদওয়ান রনি জানান, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। গান রেকর্ডিংয়ের সময় তাঁরা উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছেন।

নতুন করে এই মন তোমাকে দিলাম প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। এ ছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’

সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি বলেন, ‘যাদের গান শুনে বড় হয়েছি, তাঁদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমীন যখন বললেন যে গানটি তাঁর ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি, যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। এই মন তোমাকে দিলাম গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ-বেদনা জড়িয়ে আছে। দম সিনেমাটাও এমন। যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।’

সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। চিত্রনাট্য রচনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি, ডলি জহুর প্রমুখ।

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

গান গাইলেন বুবলী

সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত ‘দম’

এডিটিংয়ে ‘রাক্ষস’, এ সপ্তাহে আসবে টিজার

ওটিটিতে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা