গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর এক মাস বাকি। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী সিনেমাটি।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘অর্ধাঙ্গিনী’। প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবার কাছে সমাদৃত হয় সিনেমাটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় তৈরি হয়েছে সিকুয়েল।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
কৌশিক গাঙ্গুলী বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’
জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প ছিল অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিকুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিকুয়েল নিয়েও তাঁদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’