হোম > বিনোদন > সিনেমা

দেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’, চলছে চলচ্চিত্র জমা নেওয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসন বিষয়ক বাস্তব গল্প তুলে ধরতে তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। উৎসব উপলক্ষে গত ১ এপ্রিল থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ মে পর্যন্ত।

অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ কর্মসূচির আওতায় এই ফিল্ম ফেস্ট আয়োজন করছে। এর লক্ষ্য হলো অভিবাসনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা এবং অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

আয়োজকেরা জানিয়েছেন, মুঠোফোনসহ যেকোনো ডিভাইস ব্যবহার করে নির্মিত ফিকশন, অ্যানিমেশন বা ডকুমেন্টারি- সব ধরনের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। তবে চলচ্চিত্রের মূল বিষয় হতে হবে অভিবাসন। চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে হবে ১৫ মিনিট।

বাংলাদেশে বিপুল সংখ্যক প্রবাসীর সাফল্যের গল্পের পাশাপাশি মানবপাচার, দালালের প্রতারণা, সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা, বিদেশে মৃত্যু, মানসিক ট্রমা ও পরিবারের দুর্ভোগের মতো নানা অন্ধকার দিকও উঠে আসতে পারে এসব চলচ্চিত্রে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে সনি ডিএসএলআর ক্যামেরা ও লেন্স। দ্বিতীয় পুরস্কার গো-প্রো ক্রিয়েটিভ কিট এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি গো-প্রো ক্যামেরা। এ ছাড়া নির্বাচিত সব নির্মাতাকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

আয়োজকেরা জানান, উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শনের পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হবে। চলচ্চিত্র বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া চলবে ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত। জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এই উৎসব।

অংশগ্রহণকারীদের জন্য প্রথম ছয় সপ্তাহে প্রতি শনিবার অনলাইন কর্মশালারও আয়োজন করা হচ্ছে। এতে গল্প নির্মাণ, পরিকল্পনা ও কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। আগ্রহীরা গুগল ফর্ম ও ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্র জমা দিতে পারবেন। বিস্তারিত জানতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘দেশে-প্রবাসে’ ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন আয়োজকেরা। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭৫৫৪০৪৯২৮ নম্বরে।