আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরীয় প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। আর ফিরেই বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নির্মিত ‘পসিবল লাভ’। ৬ নভেম্বর মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দক্ষিণ কোরিয়ার মনোনয়ন পেয়েছে পসিবল লাভ।
এই সিনেমায় তুলে ধরা হয়েছে শ্রেণিবৈষম্যের মনস্তাত্ত্বিক গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে দুটি ভিন্ন শ্রেণির দম্পতি। বিত্তবান এক নির্মাতা দম্পতি একটি তথ্যচিত্র তৈরি করতে চায়। তাদের বিষয়বস্তু বন্ধ হয়ে যাওয়া কারখানার এক শ্রমিক-দম্পতির দৈনন্দিন জীবন। কাজটি করতে গিয়ে এই চার ব্যক্তির সম্পর্ক ধীরে ধীরে এক অদ্ভুত, জটিল ও মনস্তাত্ত্বিক রূপ নেয়। গল্পে শ্রেণিবৈষম্যের এমন নিখুঁত চিত্রায়নের কারণে অনেকেই সিনেমাটিকে ২০১৯ সালের অস্কারজয়ী ‘প্যারাসাইট’-এর সঙ্গে তুলনা করছেন।
জনপ্রিয় রিভিউ সাইট রটেন টম্যাটোসে ৯৮ শতাংশ ‘ফ্রেশ’ রেটিং পাওয়া পসিবল লাভকে অনেকেই ‘বছরের সেরা সিনেমা’ হিসেবে আখ্যা দিচ্ছেন। সমালোচকেরাও প্রশংসায় ভাসাচ্ছেন। রোলিং স্টোন ম্যাগাজিন এটিকে ‘একটি ট্র্যাজেডি, একটি টাইম বোমা এবং ২০২৬ সালের সেরা সিনেমা’ হিসেবে উল্লেখ করেছে। দ্য ডেইলি বিস্টের চলচ্চিত্র সমালোচক নিক শ্যাগার লিখেছেন, ‘এটি সম্ভবত এই বছরের সেরা চলচ্চিত্র।’ দ্য অবজারভারের সমালোচক ওয়েন্ডি আইড সিনেমাটির বুদ্ধিবৃত্তিক গভীরতা ও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেছেন। বিখ্যাত সমালোচক পিটার ট্রাভার্স একে ‘বছরের সেরা সিনেমাগুলোর একটি’ বলে স্বীকৃতি দিয়েছেন।
পসিবল লাভ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে অভিনেত্রী জন দো ইয়োনের পারফরম্যান্স। হলিউড রিপোর্টার ও ভোগ ম্যাগাজিনের পূর্বাভাস, এ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন পেতে পারেন তিনি। আর সেটি হলে তিনিই হবেন এই ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া প্রথম দক্ষিণ কোরীয় অভিনেত্রী। গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে পসিবল লাভের প্রিমিয়ারের পর থেকেই তাঁর অভিনয় নিয়ে চর্চা চলছে। ওই উৎসবে মর্যাদাপূর্ণ ‘সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ’ ও ‘ফিপ্রেসি প্রাইজ’ জিতেছে সিনেমাটি।
পসিবল লাভের দর্শকপ্রিয়তা প্রসঙ্গে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জন দো ইয়োন বলেন, ‘আমি খুব আনন্দিত যে আমরা অস্কারের দৌড়ে আছি এবং মানুষ সিনেমাটি নিয়ে কথা বলছে। নেটফ্লিক্সে আসার পর আমি নিজেও সিনেমাটি আরেকবার দেখেছি। আমার কাছে মনে হয়, পসিবল লাভ এমন একটি সিনেমা, যা একেক দর্শকের মনে একেক রকম রেশ রেখে যায়। মানুষ চাইলে নিজেদের মতো করে অগণিত উপায়ে এর বিশ্লেষণ ও ব্যাখ্যা দাঁড় করাতে পারে। সিনেমাটি ভাবনার অনেক খোরাক জোগায়। সিনেমাটি নিয়ে দর্শকদের এত আলোচনা আর প্রশংসা শুনে আমি সত্যিই গর্বিত।’