হোম > বিনোদন > সিনেমা

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার দৃশ্যে শবনম বুবলী। ছবি: সংগৃহীত

সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো মুক্তির তারিখ। আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ।

ট্রেলারে দেখা গেল, নামকরা লাঠি খেলোয়াড় রোশান। কিন্তু অভাবের সংসারে জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। আসগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। তবে আসগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর। একসময় টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালেরা। এ চরিত্রে আছেন শবনম বুবলী।

২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায় সর্দারবাড়ির খেলা। পরবর্তী সময়ে সিনেমাটির নাম রাখা হয় ‘পুলসিরাত’। কিন্তু বাদ সাধে প্রিভিউ কমিটি। আপত্তির মুখে আগের নামে ফিরে আসেন নির্মাতা।

পরিবেশক সংস্থা টাইগার মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিলেও এখনো চুপ অভিনয়শিল্পীরা। সোশ্যাল মিডিয়াতে প্রচারে দেখা যায়নি তাঁদের। এমনকি নির্মাতা রাখাল সবুজ ও প্রযোজক মীর জাহিদ হাসানও সিনেমার ট্রেলার শেয়ার করেননি।

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান

সিনেপ্লেক্সে মুক্তি পেল ভৌতিক সিনেমা ‘দ্য মমি’