হোম > বিনোদন > সিনেমা

সাত বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছে ‘পোকেমন’

বিনোদন ডেস্ক

অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে একটি সংক্ষিপ্ত টিজার। ‘পোকেমন: ওয়াইল্ড কার্ড’ নামের সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৭ সালে।

এই জাপানি ফ্র্যাঞ্চাইজির সবশেষ সিনেমা ছিল ২০২০ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন দ্য মুভি: সিক্রেটস অব দ্য জঙ্গল’। পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে দ্য পোকেমন কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও সুনেকাজু ইশিহারা বলেন, দীর্ঘ সাত বছর পর পোকেমনের নতুন একটি সিনেমা তৈরি হতে যাচ্ছে।

সুনেকাজু ইশিহারা আরও জানান, সাধারণত পোকেমন সিনেমাগুলোতে গেমের মূল চরিত্র বা ট্রেনারদের অ্যাডভেঞ্চার দেখানো হলেও এবার নজর দেওয়া হয়েছে ‘পোকেমন ট্রেডিং কার্ড গেম’-এর ওপর। সিনেমার মূল চরিত্র একজন পোকেমন কার্ড খেলোয়াড়, যে কার্ড ব্যাটেলে লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে।

পোকেমন: ওয়াইল্ড কার্ড সিনেমার টিজারে দেখা যায়, মিমিকিউ পোকেমনের আদলে একটি হলুদ হুডি পরে আছে মূল চরিত্রটি। পোকেমন ইউনিভার্সের সপ্তম জেনারেশনে আসা এই ভূত ও ফেয়ারি টাইপ পোকেমনটি সব সময় পিকাচুর ছদ্মবেশ ধারণ করে ঘোরে, তার আসল রূপ গোপন থাকে কাপড়ের আড়ালে।

পোকেমন: ওয়াইল্ড কার্ড সিনেমার সঙ্গে যুক্ত আছেন অ্যানিমে ইন্ডাস্ট্রির প্রথম সারির কুশলীরা। পরিচালনা করছেন ‘দ্য ফার্স্ট স্ল্যাম ডাঙ্ক’, ‘অ্যাটাক অন টাইটান’ ও ‘নারুটো: শিপুদেন’খ্যাত পরিচালক কাৎসুহিকো কিতাদা। চরিত্রের নকশা করছেন ‘বানানা ফিশ’ ও ‘লাজারাস’ দিয়ে নজর কাড়া আকেমি হায়াশি। প্রযোজনা করছে ‘স্পাই এক্স ফ্যামিলি’ ও ‘বোচি দ্য রক’-এর মতো বিশ্বজয়ী অ্যানিমে উপহার দেওয়া জাপানি অ্যানিমেশন স্টুডিও ক্লোভারওয়ার্কস।

১৯৯৬ সালে ‘পোকেমন রেড’ ও ‘পোকেমন গ্রিন’ গেম মুক্তির মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল। সে হিসেবে পোকেমনের ৩০ বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে ২০২৭ সালে তারা ভক্তদের উপহার দিতে যাচ্ছে একগুচ্ছ সারপ্রাইজ। পোকেমন: ওয়াইল্ড কার্ড সিনেমাটির পাশাপাশি বাজারে আসবে পোকেমনের দশম জেনারেশনের জোড়া গেম ‘পোকেমন উইন্ডস’ ও ‘পোকেমন ওয়েভস’। সেই সঙ্গে ডিজনি প্লাসে আসবে অ্যানিমেটেড সিরিজ ‘দ্য মিসঅ্যাডভেঞ্চারস অব স্যারফেচড অ্যান্ড পিচু’।