জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন পার হলো রোববার। মাঝপথে এসে কানের অফিশিয়াল রিপোর্ট বলছে, ২০২৬ সালের এই ৭৯তম আসরটি দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
এবারের আসরে যোগদানের জন্য বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমী ও পেশাদারদের কাছ থেকে ৫২ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। উৎসবের প্রথম ছয় দিনে ইতিমধ্যে ৩৫ হাজারের বেশি দর্শক কানে এসে পৌঁছেছেন। বেশির ভাগ স্ক্রিনিং হাউসফুল যাচ্ছে, রেকর্ডসংখ্যক টিকিট বিক্রি হচ্ছে।
প্যালিসের পাঁচটি প্রধান স্ক্রিনিং রুম এবং সিনেউমের চারটি থিয়েটারে উদ্বোধনী দিন থেকেই প্রায় প্রতিটি শো কানায় কানায় পূর্ণ ছিল। কান উৎসবে প্রথম ছয় দিনে হওয়া ১২৪টি সিনেমার স্ক্রিনিংয়ে ১ লাখ ২ হাজারের বেশি দর্শক টিকিট কেটেছেন। এই হার গত বছরের চেয়ে ১১ শতাংশ বেশি।
ডিজিটাল ও টেলিভিশনেও অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে। কানের উদ্বোধনী অনুষ্ঠানটি ফ্রান্সের ‘ফ্রান্স ২’ চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়েছিল, যা প্রায় ১ দশমিক ৭৫ মিলিয়ন দর্শক ঘরে বসে উপভোগ করেছেন। উদ্বোধনী সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ ফ্রান্সের ৯৮০টি সিনেমা হলে একযোগে দেখানো হয়েছিল, তাতে ৫২ হাজারের বেশি দর্শক সমাগম হয়েছিল।
শুধু সিনেমা প্রদর্শন বা লালগালিচার গ্ল্যামারেই নয়, সিনেমার আসল ব্যবসার জায়গা মার্শে দ্যু ফিল্ম বা কান চলচ্চিত্র বাজারের পরিস্থিতিও বেশ চাঙা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই বাণিজ্যিক হাটে এবার অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে।
এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি। ৬০ শতাংশ ফিল্ম রিবেটের ঘোষণার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলোর স্টল ও প্যাভিলিয়নগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। প্রথম ছয় দিনেই বেশ কিছু হাই-প্রোফাইল সিনেমার চড়া মূল্যে প্রি-সেল সম্পন্ন হয়েছে।
এবার নির্মাতা পিটার জ্যাকসন ও হলিউড তারকা জন ট্রাভোল্টাকে দেওয়া হয়েছে উৎসবের সর্বোচ্চ আজীবন সম্মাননা অনারারি পাম দ’র। কিংবদন্তি অভিনেত্রী ও গায়িকা বারবারা স্ট্রাইস্যান্ডকেও এই সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। তবে পুরস্কার নিতে কানের মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না ৮৪ বছর বয়সী এই পপ আইকন। হাঁটুর চোটে আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি কান উৎসবে যাওয়ার সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।
কান উৎসবের সভাপতি আইরিস নবলোচ ও জেনারেল ডিরেক্টর থিয়েরি ফ্রেমো এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বারবারা স্ট্রাইস্যান্ড সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ২৩ মে উৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর প্রতিনিধির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এবার কানের মূল প্রতিযোগিতায় থাকা ২২টি সিনেমার মধ্যে যে কয়েকটি নিয়ে প্রবল আলোচনা চলছে, তার মধ্যে ‘হোপ’ অন্যতম। দক্ষিণ কোরিয়ার এই সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমার প্রিমিয়ার হয় রোববার রাতে। সিনেমাটি দেখতে প্যালিসের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উপস্থিত ছিলেন ২ হাজার ৩০০ দর্শক। সিনেমাটি শেষ হওয়ার পর দর্শকেরা দাঁড়িয়ে টানা সাত মিনিট করতালি দিয়ে পুরো টিমকে সম্মান জানান।
উৎসবের ষষ্ঠ দিন গালিচায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন হলিউড তারকা দম্পতি মাইকেল ফাসবেন্ডার ও অ্যালিসিয়া ভিকান্দার। ‘দ্য লাইট বিটুইন ওশানস’-এর এক দশক পর হোপ সিনেমার মাধ্যমে তাঁরা আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন। হোপের প্রিমিয়ারে দর্শকদের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই দম্পতি।