চারটি বাংলা চলচ্চিত্র নিয়ে স্টার সিনেপ্লেক্সে শুরু হচ্ছে ‘সামার বাংলা হিট ফেস্ট’। চলচ্চিত্রগুলো হলো—‘বরবাদ’, ‘তান্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শন করা হবে এসব চলচ্চিত্র।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা। তাই এ সময়ে বাংলা চলচ্চিত্রকে আরও বেশি করে মানুষের সামনে নিয়ে আসার প্রয়োজন অনুভব করে স্টার সিনেপ্লেক্স।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। আর তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দু’টি দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়াপ্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পরিবার নিয়ে এখন অনেকেই হলে আসছেন সিনেমা দেখতে। এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই আশাব্যঞ্জক। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি।’
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় দর্শকেরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।