২০২৪ সালে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল জিয়াউল ফারুক অপূর্বর। এতে এক রহস্যমানবের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দুই বছর পর এবার আসছে সিনেমাটির প্রিকুয়েল। তবে বড় পর্দায় নয়, এটি তৈরি হয়েছে ওয়েব সিরিজ আকারে। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের এই সিরিজে তেমনই আরেক রহস্যমানবের চরিত্রে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি সিরিজে চঞ্চলের লুক প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।
চালচিত্র সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ভুবন হালদার চরিত্রের যৌবন বয়সে দেখা যাবে চঞ্চলকে। একজন সাধারণ মানুষ থেকে চরিত্রটির সিরিয়াল কিলার হয়ে ওঠার নেপথ্যের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীত ইতিহাস ফুটে উঠবে সিরিজের গল্পে। এতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দ প্রমুখ।
নতুন এই সিরিজ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছি, সিনেমায় যে চরিত্রটি ব্রাত্য বসু করেছিলেন। চরিত্রটির অনেক লেয়ার আছে। তবে গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না, এর জন্য দর্শককে অপেক্ষা করতে হবে।’
এদিকে সম্প্রতি আরও দুটি টালিউড সিনেমার কাজ শেষ করেছেন চঞ্চল। এর একটি ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং অন্যটি সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’। এর মধ্যে শেকড় সিনেমায় অভিনয়ের পাশাপাশি দুটি গানে কণ্ঠও দিয়েছেন এই অভিনেতা। সিনেমা দুটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া দেশেও মুক্তির অপেক্ষায় আছে চঞ্চল অভিনীত নতুন সিনেমা ‘আন্ধার’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি এবারের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের ২৬ মার্চ সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।