হোম > বিনোদন > সিনেমা

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘যাপিত জীবন’ সিনেমার দৃশ্যে ইমতিয়াজ বর্ষণ ও আশনা হাবিব ভাবনা

গত সপ্তাহের মতো এ সপ্তাহে দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘যাপিত জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়। রাজনৈতিক পটভূমির পাশাপাশি গল্পে ফুটে উঠেছে জীবনের নানা বোধ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন। পরিচালনার পাশাপাশি সিনেমাটির সহপ্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।

২০২২ সালে শুরু হয়েছিল যাপিত জীবন সিনেমার শুটিং। ওই বছরই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত বছর সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। যাপিত জীবন দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এ ছাড়া এই সিনেমায় প্রথমবার বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও আছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ।