গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘ডট’। নদীপাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল। আবারও ইংরেজি সিনেমা নিয়ে আসছেন ধীমন। তবে এবার প্রযোজনা নয়, ‘ডিটেকটিভ’ নামের ইংরেজি সিনেমাটি পরিচালনা করছেন তিনি। একই সঙ্গে সিনেমাটিতে অভিনয়ও করছেন ধীমন।
সম্প্রতি প্রকাশ করা হয়েছে ডিটেকটিভ সিনেমার আনুষ্ঠানিক পোস্টার। এনআই মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মো. নজরুল ইসলাম। এরই মধ্যে কক্সবাজারে শুরু হয়ে গেছে প্রথম লটের শুটিং। নির্মাতা ধীমন জানান, এই সিনেমায় তিনি উপহার দেবেন নতুন একটি জুটি।
নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘ইতিমধ্যেই ডিটেকটিভের শুটিং শুরু হয়েছে। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। নতুন জুটি নিয়ে কাজ করছি। গল্পের চমক ও দর্শকদের আগ্রহ ধরে রাখতে কেন্দ্রীয় জুটির নাম প্রকাশ করতে চাচ্ছি না এখনই। ডিটেকটিভ তৈরি হচ্ছে বড় পর্দার জন্য।’