হোম > বিনোদন > সিনেমা

‘প্রিন্স’ নিয়ে সৃষ্ট জটিলতার কারণ জানালেন সাবেক প্রযোজক নেতা খসরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

বাড়তি পারিশ্রমিক দাবি করে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ডাবিং বন্ধ রেখেছিলেন শাকিব খান। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে প্রিন্সের শুটিংয়ের সময় ছড়িয়েছিল এমন গুঞ্জন। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, শুধু ডাবিং নয়, শ্রীলঙ্কায় ১৬ দিন থাকার পরেও শুটিং করতে পারেনি প্রিন্স টিম।

গত শনিবার চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘আমাদের চলচ্চিত্র-আজকের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে চলচ্চিত্র নিয়ে কথা বলার সময় প্রিন্স নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন খোরশেদ আলম খসরু। কারও নাম উল্লেখ না করলেও প্রিন্সের ব্যর্থতার জন্য অভিনয়শিল্পীর ওপর দোষ চাপালেন সাবেক এই প্রযোজক নেতা।

খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রিন্স মুক্তির পর সবাই মিলে প্রযোজককে দোষ দেওয়া হলো। কিন্তু ঠিক সময়ে সিনেমা শেষ করতে কেন পারল না, অসম্পূর্ণ সিনেমা কেন রিলিজ দিল—সবাই মিলে নতুন প্রযোজককে চেপে ধরা হলো। ভেতরের কাহিনি কি জানার চেষ্টা করেছে কেউ? একটি ইউনিট যদি ১৬ দিন শ্রীলঙ্কায় গিয়ে বসে থাকে, অথচ শুটিং হয় না। সেখানে একজন প্রযোজকের কী করার আছে। ভারতে গিয়ে বাড়তি টাকার জন্য ডাবিং বন্ধ থাকে। যেখানে কন্ট্রাকের বেশির ভাগ টাকা দিয়ে দেওয়া হয়েছে।’

প্রযোজক সমিতি কার্যকর থাকলে সমস্যাটি এতদূর গড়াত না বলে দাবি করেন খসরু। প্রযোজক সমিতির গুরুত্বের কথা জানিয়ে খসরু বলেন, ‘প্রযোজক সমিতি কার্যকর থাকলে কেন ১৬ দিন শুটিং হলো না, সে বিষয়ে তদারকি করত। সবার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা যেত। ১৬ দিনে অন্তত ১০ দিন হয়তো শুটিং করতে পারত প্রযোজক। সে সময় হয়তো প্রযোজক সমিতি গ্যারান্টার হয়ে নির্দিষ্ট সময়ে ডাবিং শেষ করার উদ্যোগ নিত। এমন ঘটনা পূর্বেও ঘটেছে।

সিনেমার শেষ দিকে এসে প্রযোজকের টাকায় টান পড়তেই পারে। তাই বলে সিনেমাটি শেষ হবে না? আমরা কোথায় এসে পড়েছি, কোথায় গেল আমাদের মানবিকতা। বেশির ভাগ পারিশ্রমিক পাওয়ার পরেও আমি সিনেমার ডাবিং করছি না। শ্রীলঙ্কা গেলাম, কিন্তু শুটিং করলাম না। পুরো ইউনিট বসে থাকল। এগুলো বার্নিং ইস্যু। এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে।’

খোরশেদ আলম খসরুর এমন মন্তব্যের পর যোগাযোগ করা হয় প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে। শ্রীলঙ্কায় গিয়েও শুটিং না করতে পারার বিষয়টি অস্বীকার না করলেও এ নিয়ে কথা বলতে চাইলেন না তিনি। আবু হায়াত মাহমুদ বলেন, ‘প্রিন্স সিনেমা নিয়ে এমনিতে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। এ নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না। সামনে যদি কিছু বলার থাকে, তাহলে সবাইকে ডেকে নিজে থেকে বলব।’

রোজার ঈদে মুক্তির পরেই সমালোচনার মুখে পড়ে প্রিন্স। অভিযোগ ওঠে, সিনেমার পোস্ট প্রোডাকশনে পর্যাপ্ত সময় দিতে না পারার। সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের পাশাপাশি গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেন অনেকে। সমস্যা ছিল আরও, কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি। এ নিয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটে। সব অভিযোগ মেনে নিয়ে বিশেষ প্রদর্শনীতে টিমের পক্ষ থেকে ক্ষমা চান শাকিব খান।

নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত সিনেমায় শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা।

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, তাঁকে না জড়ানোর অনুরোধ পূজা চেরির

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’