২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিল বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সিনেফটোগ্রাফি বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন সামিউল করিম সপ্তক। তাঁর পক্ষ থেকে গতকাল পুরস্কার গ্রহণ করেন পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ ও প্রযোজক মনোজ প্রামাণিক।
এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে চীনের ‘হার ফার্স্ট টেস্ট’। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মা ফুফু। থাইল্যান্ডের ‘নাইন টেমপলস টু হেভেন’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সোমপোট চিডগাসর্নপংসে এবং অভিনেতার পুরস্কার জিতেছেন সোমপোপ সংকাম্পোল।
নির্মাতা ইশতিয়াক আহমাদ জিহাদের প্রথম সিনেমা সাঁকোটা দুলছে। প্রযোজক হিসেবে মনোজ প্রামাণিকেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মনোজের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্রের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছে জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠান মোগাদর ফিল্মস। অ্যাসোসিয়েট প্রযোজক হিসেবে কাজ করেছেন জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে। এ ছাড়া কনসাল্টিং প্রযোজক হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক, প্রযোজক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট। সহপ্রযোজক হিসেবে রয়েছেন নির্মাতা ও প্রযোজক ফজলে হাসান শিশির।
চলচ্চিত্রটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর গল্প অনুসরণ করে এগিয়েছে, যারা কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখে। জীবনের নানা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক মোড়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত একজন অন্ধ তরুণী তার স্বপ্নের পথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয় এবং এক রহস্যময় হাতির মুখোমুখি এসে দাঁড়ায়।
সম্পূর্ণ সাদাকালোতে নির্মিত দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে কাব্যিক চলচ্চিত্র ভাষায় উপস্থাপন করেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম প্রমুখ।